Supplementary voter list
Bengal Liberty Desk, ২২ মার্চ, কলকাতা:
ভোটের আগে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন (Supplementary voter list)। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল, সোমবার প্রকাশিত হতে চলেছে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। এই তালিকা ঘিরেই এখন চরম উত্তেজনা। কার নাম থাকবে, আর কার নাম বাদ যাবে, তা নিয়েই জল্পনা তুঙ্গে।
রাজ্যের বিভিন্ন জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে ইতিমধ্যেই তালিকা পৌঁছানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কমিশন সূত্রে জানা যাচ্ছে, প্রায় ৪০ হাজার বুথের তথ্য যাচাই করে তালিকা প্রস্তুত করা হয়েছে। শুক্রবার পর্যন্ত প্রায় ২৭ লক্ষ ৩০ হাজার আবেদন নিষ্পত্তি হয়েছে, যা নির্বাচনের আগে একটি বড় প্রশাসনিক পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

কোন তালিকা প্রকাশ? Supplementary voter list
আগামীকাল একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ তালিকা প্রকাশিত হবে—
১. Addition List (সংযোজন তালিকা): যেসব আবেদন গ্রহণযোগ্য হয়েছে, সেই নতুন ভোটারদের নাম যুক্ত হবে
২. Deletion List (বিয়োজন তালিকা): যেসব নাম অযোগ্য হিসেবে চিহ্নিত, সেগুলি বাদ যাবে
অর্থাৎ, একদিকে যোগ্য ভোটারদের অধিকার নিশ্চিত করা হচ্ছে, অন্যদিকে সন্দেহজনক বা ভুয়ো নাম সরানোর প্রক্রিয়া চলছে জোরকদমে।
কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ২৮ লক্ষ বিচারাধীন আবেদন নিষ্পত্তি করা হয়েছে, যা ভোটের আগে বড় প্রশাসনিক পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

কোথায় দেখা যাবে তালিকা?
সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পর তা প্রতিটি বুথে টাঙানো হবে, ফলে স্থানীয়ভাবে গিয়েই সহজে নিজের নাম খুঁজে দেখা যাবে। পাশাপাশি, অনলাইনেও তালিকা উপলব্ধ থাকবে—Election Commission of India-এর অফিসিয়াল ওয়েবসাইট (eci.gov.in) এবং ECI Net মোবাইল অ্যাপের মাধ্যমে যেকোনও জায়গা থেকে নাম যাচাই করা সম্ভব। এতে সাধারণ ভোটারদের জন্য প্রক্রিয়াটি আরও সহজ, স্বচ্ছ এবং দ্রুত হয়ে উঠছে।
নাম বাদ গেলে কী করবেন?
যাদের নাম ডিলিশন লিস্টে থাকবে, তারা ট্রাইবুনালে আবেদন করার সুযোগ পাবেন। অর্থাৎ, আইনি পথ খোলা থাকছে।
নিরাপত্তায় কড়া নজর
তালিকা প্রকাশকে কেন্দ্র করে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের বৈঠক করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)। কমিশন সূত্রে জানা যাচ্ছে, গোটা রাজ্যে ধাপে ধাপে মোট প্রায় ১,৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে প্রথম দফাতেই ৩১ মার্চের মধ্যে অন্তত ৩০০ কোম্পানি বাহিনী রাজ্যে পৌঁছে যাবে। এই বাহিনী বুথভিত্তিক নজরদারি, সংবেদনশীল এলাকায় টহল এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
তবে ভোটের আগে এই তালিকা শুধু নামের তালিকা নয়, বরং নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার বড় পরীক্ষা। এখন দেখার, কারা “পাস” আর কারা “ফেল”? ফয়সলা আগামীকাল!
