Commercial LPG India
Bengal Liberty, kolkata:
দেশের শিল্প ও বাণিজ্যিক মহলে এবার স্বস্তির খবর দিল কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক (Commercial LPG India)। অ-গৃহস্থালি বা বাণিজ্যিক এলপিজি (LPG) সিলিন্ডারের বরাদ্দের পরিমাণ বাড়িয়ে আগের তুলনায় মোট ৭০ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার পেট্রোলিয়াম সচিব ডঃ নীরজ মিত্তল রাজ্যগুলিকে পাঠানো এক চিঠিতে এই নির্দেশিকার কথা জানিয়েছেন।

ধাপে ধাপে বৃদ্ধি বরাদ্দ
সাম্প্রতিক জ্বালানি সংকটের জেরে বাণিজ্যিক এলপিজি সরবরাহে যে কাটছাঁট করা হয়েছিল, তা থেকে ধাপে ধাপে বেরিয়ে আসছে কেন্দ্র। এর আগে রাজ্যগুলিকে সংকটপূর্ব কোটার ৪০ শতাংশ বরাদ্দ করা হয়েছিল। এর সঙ্গে যে সমস্ত রাজ্য প্রাকৃতিক গ্যাস (PNG) প্রসারে নির্দিষ্ট সংস্কার করেছে, তাদের জন্য অতিরিক্ত ১০ শতাংশ বরাদ্দ দেওয়া হয়। এবার সেই তালিকার সঙ্গে আরও ২০ শতাংশ অতিরিক্ত বরাদ্দ যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে সংস্কারমুখী রাজ্যগুলি এখন থেকে মোট ৭০ শতাংশ পর্যন্ত বাণিজ্যিক এলপিজি পাবে।

অগ্রাধিকার পাবে কোন ক্ষেত্রগুলি?
কেন্দ্রীয় সচিবের চিঠিতে জানানো হয়েছে, নতুন এই ২০ শতাংশ বরাদ্দের ক্ষেত্রে বিশেষ কিছু শ্রমনিবিড় শিল্পকে অগ্রাধিকার দেওয়া হবে। তালিকার শীর্ষে রয়েছে- ইস্পাত ও অটোমোবাইল শিল্প, বস্ত্র (টেক্সটাইল) ও রং (ডাই) শিল্প, রাসায়নিক ও প্লাস্টিক কারখানা। বিশেষ করে যে সমস্ত কারখানায় এলপিজির বিকল্প হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা সম্ভব নয়, তারা এই বাড়তি বরাদ্দে বিশেষ সুবিধা পাবে।
মানতে হবে বিশেষ শর্ত
তবে এই বাড়তি জ্বালানি পাওয়ার ক্ষেত্রে কিছু শর্তও বহাল রেখেছে মন্ত্রক। নির্দেশিকা অনুযায়ী, সংশ্লিষ্ট সংস্থাগুলিকে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির কাছে নিবন্ধিত থাকতে হবে। পাশাপাশি, যারা প্রাকৃতিক গ্যাসের জন্য আবেদন করেছে, তারাই মূলত এই সুবিধা পাবে। তবে যে সব প্রক্রিয়াকরণ শিল্পে এলপিজির কোনো বিকল্প নেই। তাদের ক্ষেত্রে পিএনজি-র আবেদনের শর্তটি শিথিল করা হতে পারে।
রাজ্যগুলিকে কড়া বার্তা
ডঃ মিত্তল চিঠিতে স্পষ্ট জানিয়েছেন, যে সমস্ত রাজ্য এখনও পর্যন্ত সংস্কারমূলক কাজ শেষ করে অতিরিক্ত ১০ শতাংশ কোটা গ্রহণ করেনি, তারা যেন দ্রুত সেই প্রক্রিয়া সম্পন্ন করে। এছাড়া ‘প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম পণ্য বণ্টন আদেশ ২০২৬’ সম্পর্কে সংশ্লিষ্ট সব দপ্তরকে অবহিত করার জন্য রাজ্যগুলিকে অনুরোধ করা হয়েছে।
