Lockdown Rumors
Bengal Liberty, Kolkata:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে দেশজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হতেই নতুন করে ছড়াতে শুরু করেছে লকডাউনের গুজব (Lockdown Rumors)। গ্যাস বুকিংয়ে সময়সীমা, এলপিজির দাম বৃদ্ধি, আর পেট্রল পাম্পে লম্বা লাইন। সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছিল। তবে এই পরিস্থিতিতেই স্পষ্ট বার্তা দিল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী।

গুজবই সবচেয়ে বড় সমস্যা
হরদীপ সিং পুরী স্পষ্টভাবে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জ্বালানি সংকট নয়, বরং ভুয়ো খবরের বিস্তার। তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই এবং সরকার পরিস্থিতি সামাল দিতে সম্পূর্ণ প্রস্তুত। নিজেরা এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘লকডাউন লাগু হবে, এমন গুজব ছড়াচ্ছে বহু জাগায়। কিন্তু এই তথ্য একেবারে ভুয়ো। আমি পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, ভারত সরকার মোটেই লকডাউন চালু করার কথা ভাবছে না।’

আতঙ্কের পেছনে কী কারণ?
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তার প্রভাব দেশের ভিতরেও পড়েছে। গ্যাসের দাম বৃদ্ধি, বুকিংয়ে নিয়ন্ত্রণ এবং পাম্পে ভিড়—এই সব ঘটনাই মানুষের মনে অনিশ্চয়তা তৈরি করেছে। ফলে গুজব দ্রুত ছড়িয়ে পড়ছে এবং আতঙ্ক আরও বাড়ছে।
মোদির বৈঠক ঘিরে জল্পনা
এই পরিস্থিতিতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠককে ঘিরেই লকডাউন নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। যদিও কেন্দ্র পরিষ্কার করেছে, এই বৈঠকের উদ্দেশ্য পরিস্থিতি পর্যালোচনা করা, কোনও কড়াকড়ি ঘোষণা নয়।
কেন্দ্রের আশ্বাস,পরিস্থিতি নিয়ন্ত্রণে
সরকারি সূত্রের দাবি, দেশে জ্বালানির কোনও ঘাটতি নেই। অন্তত ৬০ দিনের জন্য পর্যাপ্ত মজুত রয়েছে। সমস্ত পেট্রল পাম্প স্বাভাবিকভাবে পরিষেবা দিচ্ছে এবং সরবরাহ ব্যবস্থাও সচল আছে। এমনকি হরমুজ প্রণালীতে সমস্যা হলেও বিকল্প পথে জ্বালানি আমদানি চালু রাখা হয়েছে।
সব মিলিয়ে, বাস্তবের চেয়ে গুজবই এখন বেশি ভয় তৈরি করছে। কেন্দ্রের বার্তা স্পষ্ট লকডাউন নিয়ে আতঙ্ক সম্পূর্ণ অমূলক। তাই যাচাই না করে কোনও খবর বিশ্বাস না করে, শান্ত থাকারই পরামর্শ দেওয়া হচ্ছে।
