Fuel price hike
Bengal Liberty, Kolkata:
আন্তর্জাতিক অস্থিরতা যত বাড়ছে, তার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে Fuel price hike। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি, বিশেষ করে ইরান-আমেরিকা সংঘাতের জেরে বিশ্ববাজারে ক্রুড তেলের দাম ঊর্ধ্বমুখী। আর সেই ঢেউ এবার এসে আছড়ে পড়েছে ভারতের জ্বালানি বাজারেও। এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির পর এবার প্রিমিয়াম পেট্রোল ও ডিজেলের দামেও বড়সড় লাফ যা ভবিষ্যতে আরও বড় চাপের ইঙ্গিত দিচ্ছে।

প্রিমিয়াম ফুয়েলে একধাক্কায় বড় বৃদ্ধি
তথ্য অনুযায়ী,ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন-এর উচ্চমানের জ্বালানি ‘এক্সপি ১০০’ পেট্রোলের দাম একলাফে প্রায় ১১ টাকা বেড়ে এখন লিটার প্রতি ১৬০ টাকার কাছাকাছি পৌঁছেছে। কিছুদিন আগেও যার দাম ছিল প্রায় ১৪৯ টাকা। একইসঙ্গে প্রিমিয়াম ডিজেল ‘এক্সট্রা গ্রিন’-এর দামও বেড়েছে। আগে যেখানে লিটার প্রতি দাম ছিল প্রায় ৯১.৪৯ টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৯২.৯৯ টাকায়। এই ‘এক্সপি ১০০’ পেট্রোল ভারতের প্রথম ১০০ অক্টেন ফুয়েল হিসেবে পরিচিত, যা মূলত লাক্সারি গাড়ি ও সুপারবাইকের জন্য ব্যবহৃত হয়। ফলে সরাসরি সব স্তরের মানুষের উপর প্রভাব না পড়লেও, বাজারের সামগ্রিক ব্যয় বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ধারাবাহিক বাড়তি চাপ—আগেই দাম বাড়িয়েছিল HPCL
উল্লেখযোগ্যভাবে, এর আগেই হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল) (Hindustan Petroleum Corporation Limited (HPCL) প্রিমিয়াম পেট্রোলের দাম লিটার প্রতি প্রায় ২ টাকা বাড়িয়েছিল। ফলে গত কয়েক সপ্তাহ ধরেই প্রিমিয়াম জ্বালানির দামে ঊর্ধ্বগতি স্পষ্ট।
সাধারণ পেট্রোল-ডিজেলে আপাতত নিয়ন্ত্রণ
যদিও এই পরিস্থিতির মাঝেও সাধারণ পেট্রোল ও ডিজেলের দামে এখনও কোনও বৃদ্ধি হয়নি। এর পিছনে রয়েছে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত। গত ২৭ মার্চ আবগারি শুল্কে লিটার প্রতি ১০ টাকা করে ছাড় দেওয়া হয়েছে, যার ফলে সাধারণ মানুষের উপর তাৎক্ষণিক চাপ কিছুটা কম রাখা সম্ভব হয়েছে।
এলপিজিতেও বড়সড় ধাক্কা
শুধু তরল জ্বালানি নয়, গ্যাসের বাজারেও একই ছবি। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন- এর ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় প্রায় ১৯৫ টাকা বেড়েছে। যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে মোট বৃদ্ধি প্রায় ৩০০ টাকার কাছাকাছি পৌঁছেছে—যা সরাসরি প্রভাব ফেলছে হোটেল-রেস্তরাঁ থেকে শুরু করে ছোট ব্যবসায়ীদের উপর।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বৃদ্ধি, সরবরাহ অনিশ্চয়তা এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার সম্মিলিত প্রভাবেই এই মূল্যবৃদ্ধি। প্রিমিয়াম জ্বালানিতে সেই প্রভাব আগে পড়ছে, কারণ এগুলি তুলনামূলকভাবে বাজার-নির্ভর।
ভবিষ্যতের আশঙ্কা কী?
এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন প্রিমিয়াম জ্বালানির পর কি সাধারণ পেট্রোল-ডিজেলের দামও বাড়বে?
যদি আন্তর্জাতিক বাজারে এই অস্থিরতা দীর্ঘস্থায়ী হয়, তবে সেই চাপ থেকে সাধারণ জ্বালানিও রেহাই পাবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
এক কথায় এলপিজি থেকে প্রিমিয়াম পেট্রোল সব ক্ষেত্রেই দাম বাড়ার ইঙ্গিত স্পষ্ট। আপাতত সাধারণ মানুষ কিছুটা স্বস্তিতে থাকলেও, ভবিষ্যতের জ্বালানি খরচ নিয়ে উদ্বেগ বাড়ছেই।
