West Bengal SIR
Bengal Liberty, ১ এপ্রিল :
এসআইআর মামলায় ভোটার তালিকা সংশোধন, ফর্ম-৬ সংক্রান্ত বিষয় এবং ট্রাইবুনালের কার্যপদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (SC on SIR)। আজ, বুধবার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়-যথাযথ যাচাই ছাড়া কোনও নতুন নথি গ্রহণ করা যাবে না। বিশেষ করে, আগে বিচারবিভাগীয় আধিকারিকদের সামনে পেশ না করা নথির ক্ষেত্রে ট্রাইবুনালকে বাড়তি সতর্ক থাকতে হবে। একই সঙ্গে আদালত জানায়, ৭ এপ্রিলের মধ্যে সমস্ত আপত্তি নিষ্পত্তির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। মামলার পরবর্তী শুনানি (SC on SIR) হবে ৬ এপ্রিল বিকেল ৪টেয়।

হাইকোর্টের অগ্রগতিতে সন্তোষ (SC on SIR)
শুনানির শুরুতেই জানানো হয়, কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করেছেন, আগামী ৭ এপ্রিলের মধ্যে ভোটার তালিকা সংক্রান্ত সমস্ত আপত্তির নিষ্পত্তি হয়ে যাবে। ইতিমধ্যেই প্রায় ৪৭ লক্ষ নাম খতিয়ে দেখা হয়েছে। এই অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালত জানায়, নির্ধারিত সময়ের মধ্যেই প্রক্রিয়া সম্পূর্ণ হলে ট্রাইবুনালগুলি দ্রুত পূর্ণমাত্রায় কাজ শুরু করতে পারবে।

প্রশিক্ষণ নিয়ে বিতর্ক (SC on SIR)
ট্রাইবুনালের কাজে গতি আনতে দায়িত্বপ্রাপ্ত প্রাক্তন বিচারপতিদের বুধবারই প্রশিক্ষণ দেওয়ার কথা জানায় কমিশনের আইনজীবী। আদালতকে জানানো হয়, বৃহস্পতিবার থেকেই তাঁরা পূর্ণমাত্রায় কাজ শুরু করবেন। তবে এই প্রশিক্ষণ প্রক্রিয়া নিয়েই আপত্তি তোলেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, কমিশন নিজেই প্রশিক্ষণ দিলে নিরপেক্ষতা বজায় থাকবে কি না। এর জবাবে বিচারপতি জয়মাল্য বাগচী স্পষ্ট বার্তা দেন, বিচারকদের নিরপেক্ষতা নিয়ে সংশয়ের কোনও কারণ নেই। তিনি বলেন, নতুন ধরনের দায়িত্ব সামলাতে হচ্ছে বলেই এই প্রশিক্ষণ প্রয়োজন, যাতে তাঁরা আরও দক্ষতার সঙ্গে কাজ সম্পন্ন করতে পারেন।

ফর্ম-৬ ইস্যুতে আইনি ব্যাখ্যা (SC on SIR)
‘ফর্ম-৬’ বা নতুন ভোটার নাম অন্তর্ভুক্তি নিয়ে শুনানিতে তর্ক-বিতর্ক হয়। রাজ্যের তরফে অস্বাভাবিক সংখ্যক আবেদন জমার অভিযোগ তোলা হলেও কমিশন জানায়, আইনের বিধান অনুযায়ী মনোনয়নের শেষ দিন পর্যন্ত নাম তোলার আবেদন করা বৈধ। বিচারপতি বাগচী পর্যবেক্ষণে বলেন, সাময়িকভাবে ভোট দিতে না পারা মানেই স্থায়ীভাবে ভোটাধিকার হারানো নয়।
Mamata Banerjee letter: ভোটার তালিকা ইস্যুতে ফের কমিশনে চিঠি মমতারhttps://t.co/ikyzyMugDj বিস্তারিত পড়ুন লিংকে ক্লিক করে@bengalliberty @MamataOfficial @AITCofficial @ECISVEEP #westbengalelection2026 #westbengalpolitics #westbengal #westbengalnews #gyaneshkumar pic.twitter.com/EYmCChKMFo
— Bengal Liberty (@bengalliberty1) March 31, 2026
আদালতে কমিশনের তরফে জানানো হয়, মনোনয়নের শেষ দিন পর্যন্ত যাঁদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে, তাঁদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত আপত্তির নিষ্পত্তি জরুরি। সেই প্রেক্ষিতেই ৬ এপ্রিল বিকেল ৪টেয় মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।
