Raghav Chadha Removed AAP
Bengal Liberty, ২ এপ্রিল :
আম আদমি পার্টির অভ্যন্তরে বড়সড় রদবদল (Raghav Chadha Removed AAP)। রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দেওয়া হলো রাঘব চাড্ডাকে। তবে শুধু পদচ্যুতিই নয়, সংসদে তাঁর বক্তব্য রাখার সুযোগ সীমিত করার জন্য রাজ্যসভার সচিবালয়ে আর্জি জানিয়েছে খোদ তাঁর নিজের দলই। আপ-এর এই নজিরবিহীন পদক্ষেপ ঘিরে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা (Raghav Chadha Removed AAP)।

হঠাৎ বদল: রাঘবের জায়গায় নতুন মুখ কে? (Raghav Chadha Removed AAP)
রাঘব চাড্ডার পরিবর্তে রাজ্যসভায় আপ-এর ডেপুটি লিডার করা হয়েছে অশোক মিত্তলকে (Ashok Mittal)। আম আদমি পার্টি ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে এই পরিবর্তনের কথা জানিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, সংসদের ভেতরে অত্যন্ত সক্রিয় ও দলের অন্যতম পরিচিত মুখ হওয়া সত্ত্বেও কেন হঠাৎ রাঘবকে সরিয়ে দেওয়া হলো?
সবচেয়ে বিতর্কিত বিষয় হলো, রাজ্যসভায় আলোচনার সময় যাতে রাঘব চাড্ডাকে আর কথা বলার জন্য সময় বরাদ্দ না করা হয়, তার জন্যও অনুরোধ জানিয়েছে দল। রাজনৈতিক মহলের মতে, এটি শুধুমাত্র সাংগঠনিক রদবদল নয়, বরং রাঘবের প্রতি দলের শীর্ষ নেতৃত্বের এক কঠোর বার্তা।
দ্রুত উত্থান ও দলের অন্যতম প্রধান মুখ (Raghav Chadha Removed AAP)
২০১২ সালে দিল্লির লোকপাল আন্দোলনের সময় থেকেই অরবিন্দ কেজরীবালের ছায়াসঙ্গী ছিলেন রাঘব চাড্ডা। দলের জাতীয় মুখপাত্র থেকে শুরু করে সর্বকনিষ্ঠ কোষাধ্যক্ষ—সব দায়িত্বই তিনি সামলেছেন দক্ষতার সঙ্গে। ২০২০ সালে রাজেন্দ্রনগর থেকে বিধায়ক হওয়া এবং পরবর্তীতে ২০২২ সালে কনিষ্ঠতম সাংসদ হিসেবে রাজ্যসভায় যাওয়া—তাঁর রাজনৈতিক গ্রাফ ছিল উল্কাসম। অথচ সেই দাপুটে নেতার ডানা ছাঁটাই নিয়ে এখন সরগরম রাজনীতির ময়দান।

দলের সাথে দূরত্ব নাকি অভ্যন্তরীণ কোন্দল? (Raghav Chadha Removed AAP)
গত কয়েক মাস ধরেই দলের বড় কোনো কর্মসূচিতে রাঘবের উপস্থিতি তেমন চোখে পড়ছিল না। বিশেষ করে মণীশ সিসোদিয়া ও অরবিন্দ কেজরীবালের জেলমুক্তির মতো গুরুত্বপূর্ণ মুহূর্তে তাঁর নীরবতা নজর কেড়েছিল রাজনৈতিক বিশ্লেষকদের। যদিও সংসদে তিনি পিতৃত্বকালীন ছুটি বা ডেলিভারি বয়দের অধিকারের মতো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরব ছিলেন, তবুও দলের সঙ্গে তাঁর ক্রমবর্ধমান দূরত্বই এই পরিণতির মূল কারণ বলে মনে করা হচ্ছে।

