ED summon
Bengal Liberty, Kolkata :
কলকাতা পুলিশের অন্দরমহলে বড়সড় ধাক্কা! কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস এবং তাঁর দুই পুত্রকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দক্ষিণ কলকাতার তথাকথিত প্রভাবশালী ব্যক্তি ‘সোনা পাপ্পু’ ও বেহালার এক প্রোমোটারের সঙ্গে সম্ভাব্য যোগসূত্র রয়েছে এই ডেপুটি কমিশনারের। ED summon
যোগসূত্রের ইঙ্গিত মিলল তদন্তে ED summon
ইডি সূত্রে খবর, দক্ষিণ কলকাতার বাসিন্দা ‘সোনা পাপ্পু’ এবং বেহালার প্রোমোটার জয় কামদারের সঙ্গে প্রাক্তন কালীঘাট থানার ওসি তথা বর্তমান ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের যোগাযোগ থাকতে পারে বলে প্রাথমিক ইঙ্গিত মিলেছে। শুধু তাই নয়, শান্তনুর দুই পুত্রের সঙ্গেও ওই প্রোমোটারের পরিচয়ের সূত্র খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। এই প্রেক্ষাপটেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শান্তনু এবং তাঁর দুই ছেলেকে। তদন্তকারীরা বিশেষভাবে খতিয়ে দেখতে চাইছেন ধৃত প্রোমোটার জয় কামদারের সঙ্গে কোনও আর্থিক লেনদেন বা অন্য কোনও সম্পর্ক রয়েছে কি না শান্তনু ও তার দুই ছেলের।

অসুস্থ ধৃত প্রোমোটার
অন্যদিকে, ‘সোনা পাপ্পু’ এবং প্রোমোটার জয় কামদারের মধ্যে আর্থিক লেনদেনের কিছু প্রমাণ ইতিমধ্যেই হাতে এসেছে বলে দাবি ইডির । রবিবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর প্রোমোটার জয়কে গ্রেফতার করা হয়। তবে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে আদালতে তৎক্ষণাৎ পেশ করা যায়নি। বর্তমানে তিনি আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। সোমবার অর্থাৎ আজ তাঁকে আদালতে তোলা হতে পারে বলে জানা যাচ্ছে।
বালিগঞ্জ কাণ্ডে এখনও অধরা ‘সোনা পাপ্পু’
উল্লেখ্য, কিছু দিন আগে বালিগঞ্জে ঘটে যাওয়া অশান্তির ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে ‘সোনা পাপ্পু’র নাম। যদিও এখনও পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সেই ঘটনার সূত্র ধরেই ইডি তদন্তে নেমে একাধিক দিক খতিয়ে দেখছে।

ফার্ন রোডের বাড়িতে তল্লাশি অভিযান
এরই মধ্যে রবিবার শান্তনু সিনহা বিশ্বাসের ফার্ন রোডের বাড়িতেও তল্লাশি চালান ইডি আধিকারিকেরা। তদন্তকারী সংস্থার দাবি, সেই সময় বাড়িতে ছিলেন না ডিসি।
পুলিশ আধিকারিক, প্রোমোটার এবং তথাকথিত প্রভাবশালী ব্যক্তির যোগ এই ত্রিভুজে নতুন করে জোরালো হচ্ছে তদন্ত। আর্থিক লেনদেন থেকে ব্যক্তিগত সম্পর্ক সব দিক খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নিতে চলেছে ইডি। এখন নজর, তলবের পর জিজ্ঞাসাবাদে উঠে আসে ঠিক কী তথ্য।
