PM Modi Panihati Rally
Bengal Liberty, ২০ এপ্রিল :
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার পানিহাটি কেন্দ্র সারা ভারতের নজর কেড়েছে (PM Modi Panihati Rally)। আর জি কর কাণ্ডে নির্যাতিতা তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ বিজেপি প্রার্থী হওয়ায় এই কেন্দ্র সকল আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই আবহেই রত্না দেবনাথের সমর্থনে সরাসরি ভোটপ্রচারে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই সভাকে সামনে রেখে আর জি কর ইস্যুকে জাতীয় স্তরে আরও জোরালোভাবে তুলে ধরতে চাইছে বিজেপি। অর্থাৎ পানিহাটিতে প্রধানমন্ত্রীর এই কর্মসূচি শুধুমাত্র একটি নির্বাচনী জনসভা নয় বরং আর জি কর ইস্যু নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলার আবারও এক বড় মঞ্চ হতে চলেছে (PM Modi Panihati Rally)।

প্রথমবার মোদি-রত্না মুখোমুখি (PM Modi Panihati Rally)
২০২৪ সালের অগাস্টের সেই মর্মান্তিক ঘটনার পর এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সরাসরি সাক্ষাৎ হতে চলেছে অভয়ার পরিবারের। রাজনৈতিক দিক ও আবেগ দুই দিক থেকেই এই সাক্ষাৎকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজ্য বিজেপি সূত্রে খবর, আগামী ২৪ এপ্রিল, প্রথম দফার ভোট মিটতেই পানিহাটিতে সভা বা রোড শো করতে পারেন প্রধানমন্ত্রী। সূত্রের দাবি, প্রধানমন্ত্রীর এই সফরে আবেগের মাত্রা থাকবে তুঙ্গে। এমনকি সময় ও পরিস্থিতি অনুকূল থাকলে, নির্যাতিতার বাড়িতে গিয়ে তাঁর বাবার সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন মোদি, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। সবমিলিয়ে তৃণমূলের অস্বস্তির দুর্গ হিসেবে পরিচিত পানিহাটিতে রত্না দেবনাথের লড়াই এমনিতেই ঘাসফুল শিবিরকে চাপে রেখেছে। তার ওপর প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা ভোটারদের মনে গভীর প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলা দখলের লড়াইয়ে এবার সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছে দিল্লি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। অমিত শাহ থেকে শুরু করে বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা কার্যত ডেলি প্যাসেঞ্জারি করে রাজ্যে প্রচারে নেমেছেন। অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পানিহাটির মতো রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ কেন্দ্রকে বেছে নেওয়া বিশেষ বার্তা দিচ্ছে বলেই মত পর্যবেক্ষকদের।
