Additional Voter List
Bengal Liberty, ২৮ এপ্রিল :
দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন করে একটি অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন (Additional Voter List)। ট্রাইবুনালে যাঁদের আবেদন নিষ্পত্তি হয়েছে, তাঁদের মধ্যে বহু নতুন ভোটারের নাম এই তালিকায় যুক্ত হয়েছে, ফলে তাঁরা এবার ভোট দিতে পারবেন। একইসঙ্গে কয়েকজনের নাম তালিকা থেকে বাদও গিয়েছে। ট্রাইবুনালে আবেদনের নিষ্পত্তি হওয়ার পরে দ্বিতীয় দফার ভোটে ‘পাশ’ হওয়া ১৪৬৮ জনের নাম জুড়ছে ভোটার তালিকায় (Additional Voter List)।

শেষ মুহূর্তে ভোটার তালিকায় সংযোজন (Additional Voter List)
বুধবার রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে সাত জেলার মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। এই পর্বের আগে নতুন করে প্রকাশিত অতিরিক্ত ভোটার তালিকায় যাঁদের নাম যুক্ত হয়েছে, তাঁরাও সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নিয়ম অনুযায়ী, দ্বিতীয় দফার নির্বাচনের জন্য ভোটার তালিকা আগেই ‘ফ্রিজ’ হয়ে গিয়েছিল। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ভোটের ২ দিন আগে পর্যন্ত ট্রাইবুনালে যে সব আবেদন নিষ্পত্তি হবে এবং যাঁরা ভোটার হিসেবে অনুমোদন পাবেন, তাঁদের নাম তালিকায় যুক্ত করার সুযোগ রাখা হয়। সেই নির্দেশ মেনেই নির্বাচন কমিশন এই পদক্ষেপ নিয়েছে। জানা গেছে, আজ, সোমবার পর্যন্ত ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া আবেদনগুলির ভিত্তিতেই এই অতিরিক্ত তালিকা প্রস্তুত করা হয়েছে, ফলে আরও অনেক ভোটার এবার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

আদালতের নজরদারিতে সংশোধন প্রক্রিয়া (Additional Voter List)
দ্বিতীয় দফার আগে যেমন অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয়েছে, তেমনই প্রথম দফার ভোটের আগেও একই পদক্ষেপ নিয়েছিল নির্বাচন কমিশন। তখন প্রথম দফার ১৩৯ জন ভোটারের নাম তালিকায় যুক্ত করা হয়। তবে আগের তালিকা থেকে মুছেও দেওয়া হল ৮ জনের নাম। পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর প্রায় ৬০ লক্ষাধিক নাম বিবেচনাধীন তালিকায় ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকরা এই নামগুলির যাচাই-বাছাই করেন। সেই প্রক্রিয়ায় অনেক আবেদনকারীকে ‘অযোগ্য’ বলে চিহ্নিত করা হয়। তবে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, যাঁরা এই সিদ্ধান্তে অসন্তুষ্ট, তাঁরা অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন। সেই পথেই বহু আবেদন জমা পড়ে এবং তার ভিত্তিতেই ধাপে ধাপে নতুন তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন।
