Weather Alert
Bengal Liberty, ২৮ এপ্রিল:
একদিকে ভোটের উত্তাপ, অন্যদিকে গরম ও আর্দ্রতার চাপে নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ (Weather Alert)। দিনের পর দিন অস্বস্তিকর আবহাওয়ায় হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এই পরিস্থিতির মাঝেই মিলছে স্বস্তির খবর। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টি বাড়বে। ফলে তাপমাত্রা কিছুটা কমবে এবং গরমের তীব্রতা থেকে মিলতে পারে সাময়িক রেহাই (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
দক্ষিণবঙ্গে আগামী ৪-৫ দিন আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। মঙ্গলবার আকাশ মূলত মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে থেকে সর্বোচ্চ ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। আজ, মঙ্গলবার বর্ধমান, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে। বুধবার, অর্থাৎ দ্বিতীয় দফার ভোটের দিন, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রপাত-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার পরিস্থিতি আরও সক্রিয় হবে। হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় ঝোড়ো হাওয়া বইবে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই ঝড়বৃষ্টির পর্ব ১ মে পর্যন্ত অব্যাহত থাকবে। সপ্তাহান্তে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা থেকেই যাবে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গে আবহাওয়ার পরিস্থিতি আরও বেশি সক্রিয় হতে চলেছে। আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির তীব্রতা ক্রমশ বাড়বে। বিশেষ করে ৩০ এপ্রিল জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির জেরে ভূমিধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, ফলে পর্যটক ও স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ১ ও ২ মে-তেও উত্তরবঙ্গে বৃষ্টির ধারাবাহিকতা বজায় থাকবে। ৩ মে পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে বজ্রপাত-সহ ঝড়ের সম্ভাবনা থাকছে পুরো উত্তরবঙ্গ জুড়ে।
