Met Gala 2026
Bengal liberty desk, 5 মে :
ফ্যাশন দুনিয়ার সবথেকে বড় রাত ‘মেট গালা ২০২৬’-এর আসর এবার এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকল। এ বছরের থিম ‘Fashion Is Art’-কে সার্থক করে তুলে নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে ভারতের প্রাচীন ঐতিহ্য, সূক্ষ্ম কারুশিল্প আর আধুনিক আভিজাত্যের এক অভূতপূর্ব মেলবন্ধন দেখা গেল। (Met Gala)

রাজকীয় ক্যানভাসে করণ জোহর ও মণীশ মালহোত্রা Met Gala
বলিউডের জনপ্রিয় পরিচালক করণ জোহর এবার মেট গালায় ইতিহাস গড়লেন। প্রথম ভারতীয় ফিল্মমেকার হিসেবে তিনি এই বিশ্বমঞ্চে পা রাখলেন। মণীশ মালহোত্রর ডিজাইন করা তাঁর পোশাকে ফুটে উঠেছিল কিংবদন্তি চিত্রশিল্পী রাজা রবি বর্মার কালজয়ী কাজ। প্রায় ৮০ জন শিল্পী ৫৬০০ ঘণ্টা পরিশ্রম করে কর্ণের এই রাজকীয় ‘কেপ’টি তৈরি করেছেন, যা ছিল আদ্যোপান্ত এক চলমান চিত্রপট।
অন্যদিকে, স্বয়ং মণীশ মালহোত্র তাঁর পোশাকে ভারতের কারিগরদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তাঁর স্যুটে ছিল সেই ৫০ জন শিল্পীর স্বাক্ষর, যাঁরা দিনরাত এক করে এই পোশাকটি বুনেছেন।

হিরের চমক ও ঐতিহ্যের সুগন্ধ: ঈশা আম্বানি
আম্বানি-কন্যা ঈশা আম্বানি প্রতিবারের মতো এবারও রেড কার্পেটে আভিজাত্যের ঝড় তুললেন। ডিজাইনার গৌরব গুপ্তের সোনালি শাড়ির সঙ্গে তিনি পরেছিলেন ১৮০০ ক্যারেটের হিরে ও কুন্দনের ব্লাউজ। তবে তাঁর সাজে সবথেকে নজরকাড়া ছিল হাতে ধরা একটি ‘পাকা আম’ এবং ‘জুঁই ফুলের মালা’। যদিও এই মালাটি আসল ছিল না, কাগজ ও তামা দিয়ে তৈরি এই শিল্পটি ভারতীয় শিকড়কে বিশ্বমঞ্চে তুলে ধরেছে।

রান্নাঘর থেকে রেড কার্পেট: অনন্যা বিড়লা ও নাতাশা পুনাওয়ালা
উদ্যোগপতি অনন্যা বিড়লার ডেবিউ ছিল নজরকাড়া। তাঁর পোশাকের চেয়েও বেশি চর্চা হয়েছে শিল্পী সুবোধ গুপ্তের তৈরি স্টেনলেস স্টিলের মাস্ক নিয়ে। চামচ ও বাটির মতো দৈনন্দিন সামগ্রী দিয়ে তৈরি এই মাস্কটি বুঝিয়ে দিল—শিল্পের কোনো সীমা নেই। পাশাপাশি নাতাশা পুনাওয়ালা একটি বিশাল ‘মথ অর্কিড’ ভাস্কর্য পরে প্রমাণ করেছেন যে, তিনি সত্যিই একজন ‘ফ্যাশন আইকন’।

গ্ল্যামারের আড়ালে কড়া শাসন:
মেট গালা মানেই শুধু ছবি নয়, এর অন্দরমহলে রয়েছে কঠিন নিয়মের বেড়াজাল। অতিথিদের মুখে দুর্গন্ধ রোধ করতে মেনু থেকে পিঁয়াজ-রসুন পুরোপুরি বাদ দেওয়া হয়। হলের ভেতরে ফোন ব্যবহার বা সেলফি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। এমনকি স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকাকেও একে অপরের পাশে বসতে দেওয়া হয় না, যাতে সবাই নতুন মানুষের সঙ্গে আলাপ করতে পারেন।
দীপিকার অনুপস্থিতি: Met Gala
ভক্তদের জন্য একমাত্র মন খারাপের খবর ছিল দীপিকা পাডুকোনের অনুপস্থিতি। শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবির শুটিং এবং তাঁর মাতৃত্বকালীন সময়ের ব্যস্ততার কারণেই তিনি এবার এই আসর থেকে দূরে ছিলেন।
মেট গালা ২০২৬ কেবল একটি পোশাকের প্রদর্শনী নয়, এটি ছিল ভারতের আত্মপ্রকাশের এক নতুন মঞ্চ। যেখানে জর্জেট বা সিল্কের ভাঁজে লুকিয়ে ছিল কয়েক শতাব্দীর পুরনো ভারতীয় শিল্পকলা। ভারতীয় তারকারা প্রমাণ করে দিলেন—ফ্যাশন যখন আর্ট হয়, তখন ভারতই তার সেরা কারিগর।
