Suvendu Adhikari
Bengal Liberty, ৬ মে :
২০১৬, ২০২১-এর পর আবার ২০২৬, নন্দীগ্রামের মাটিতে তৃতীয়বারের জন্য নিজের দাপট প্রমাণ করলেন শুভেন্দু অধিকারী। ফের একবার বিপুল ভোটে জয় ছিনিয়ে নিয়ে বুঝিয়ে দিলেন জমি এখনও তাঁরই দখলে। প্রায় ৯ হাজারের বেশি ভোটে জয় নিয়ে আজ, বুধবার সকালে নন্দীগ্রামে পা রাখতেই তাঁকে ঘিরে তৈরি হয় জনস্রোত। মাটি স্পর্শ করে নিজের দায় স্বীকার করে শুভেন্দুর স্পষ্ট বার্তা, “নন্দীগ্রামের ঋণ শোধ করবই।”
তারপরই রাজনৈতিক হুঙ্কার ছুঁড়ে বলেন, “বিজেপি আগামী ১০০ বছর ক্ষমতায় থাকবে।” (Suvendu Adhikari) উচ্ছ্বাসের মাঝেও দলীয় কর্মীদের উদ্দেশ্যে কড়া সতর্কবার্তা দিয়েছেন তিনি। স্পষ্ট ভাবে হিংসার পথে না হাঁটার নির্দেশ দিয়েছেন। এমনকি কড়া শাসন করে বলেন, “আইন নিজের হাতে তোলার চেষ্টা করলে রেহাই নেই।”

জোড়া জয়ে আবেগপ্রবণ শুভেন্দু Suvendu Adhikari
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর, রাজনীতির দুই হাইপ্রোফাইল কেন্দ্র থেকেই লড়াই করে জয় হাসিল করেছেন শুভেন্দু অধিকারী। দুটি আসনেই বিপুল ব্যবধানে জয় পেয়েছেন তিনি। তারপর আজ, বুধবার সকালে নিজের দুর্গ নন্দীগ্রামে পৌঁছে প্রথমেই বজরংবলির মন্দিরে পুজো দেন। তাঁকে ঘিরে তৈরি হয় উপচে পড়া ভিড়, চারিদিকে উচ্ছ্বাস আর শুভেচ্ছার ঢেউ। নন্দীগ্রামের মাটিতে পা রাখতেই সাধারণ মানুষের একটাই সুর, “কাঁথির ছেলে” শুভেন্দুই যেন এবার মুখ্যমন্ত্রীর আসনে বসেন।
তৃতীয়বারের জন্য জয়ী হয়ে শুভেন্দুর বার্তা
নন্দীগ্রামের মাটিতে পা রেখেই আবেগে আপ্লুত হতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। এদিন মঞ্চ থেকে একে একে নাম করে কৃতজ্ঞতা জানান তাঁর দীর্ঘদিনের সহযোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যদের। তাঁদের ত্যাগ ও সমর্থনের কথাই তুলে ধরে নন্দীগ্রামের উন্নয়নের অঙ্গীকার শোনা যায় তাঁর গলায়। শুভেন্দু বলেন, “নন্দীগ্রামের মানুষ সবসময় আমার ওপর ভরসা রেখেছেন, দু’বার সাংসদ, তিনবার বিধায়ক করেছেন। এই ঋণ আমি শোধ করবই।”
তিনি এও বলেন দুটি আসন থেকে জয়ের ফলে নিয়ম মেনে একটি আসন ছাড়তে হবে তাঁকে। এই প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, “এই সিদ্ধান্ত ব্যক্তিগত নয়, দলই ঠিক করবে আমি কোন আসন ছাড়ব।” একইসঙ্গে আশ্বাস দেন, “ভবানীপুর হোক বা নন্দীগ্রাম, আমি সবসময় মানুষের পাশে থাকব, দায়িত্ব পালনে কখনও পিছিয়ে পড়ব না।” শেষে ফের একবার জোরালো রাজনৈতিক বার্তা ছুঁড়ে দিয়ে তিনি জানান, তাঁর লড়াই দীর্ঘমেয়াদি, “বাংলায় বিজেপির শাসন চলবে ১০০ বছর।”
আরও পড়ুন : নবান্ন প্রবেশে ‘না’ বরং বিধানসভা থেকেই কাজ করবেন নতুন মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে অস্থায়ী সচিবালয়
