Madan mitra
Bengal Liberty, ১২ মে :
১৫ বছরের তৃণমূল শাসনের অবসানের রেশ কাটতে না কাটতেই এবার শারীরিক সংকটে কামারহাটির ‘কালারফুল’ বিধায়ক। সোমবার রাতে আচমকা অসুস্থ বোধ করায় কলকাতার মিন্টো পার্কের বেলভিউ ক্লিনিকে ভর্তি করা হয়েছে মদন মিত্রকে। হাসপাতাল সূত্রে খবর, মূত্রনালীর গুরুতর সংক্রমণ বা ইউটিআই (UTI) নিয়ে আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন তিনি। (Madan Mitra hospitalized)

শরীরে একাধিক সমস্যা (Madan Mitra hospitalized)
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গতকাল ১১ মে থেকেই অসুস্থ বোধ করছিলেন মদন মিত্র। তড়িঘড়ি পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসকরা দেখেন তাঁর শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা অস্বাভাবিকভাবে কমে গিয়েছে। শুধু তাই নয়, রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও উদ্বেগজনক। পাশাপাশি তিনি গুরুতর ‘ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন’ (UTI)-এ আক্রান্ত। মূত্রনালীতে ব্যাকটেরিয়ার এই সংক্রমণের কারণে প্রবল জ্বালা ও যন্ত্রণায় ভুগছেন তিনি। বয়সজনিত কারণে এই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে।

স্থিতিশীল বিধায়ক
বর্তমানে চিকিৎসকদের একটি বিশেষ দল মদন মিত্রের শারীরিক অবস্থার ওপর নজর রাখছে। আজ সকালে খবর অনুযায়ী জানা যাচ্ছে বিধায়কের অবস্থা আপাতত স্থিতিশীল। যদি নতুন করে কোনো শারীরিক জটিলতা তৈরি না হয়, তবে আগামীকাল অর্থাৎ বুধবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বাড়িতে ফিরলেও তাঁকে কড়া ডায়েট এবং সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
সারাবছর গান, রিলস আর রঙিন মেজাজে মাতোয়ারা থাকা মদন মিত্রের এই অসুস্থতায় উদ্বেগের ছায়া কামারহাটির অনুগামীদের মধ্যে। তবে বাংলার মসনদ থেকে তৃণমূলের বিদায় এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার আসতেই কি তবে ‘ওহ লাভলি’ নেতার মেজাজে ভাঁটা পড়ল?
