Mouni Roy
Bengal Liberty, ১৩ মে :
গ্ল্যামার দুনিয়ায় ফের ভাঙনের সুর! এবার কি তবে ঘর ভাঙছে বলিউডের ‘নাগিন’ খ্যাত মৌনী রায়ের? বিয়ের মাত্র ৪ বছর কাটতে না কাটতেই স্বামী সূর্য নামবিয়ারের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে উঠতে শুরু করেছে হাজারো প্রশ্ন (Mouni Roy)। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ‘আনফলো’ করার খবর ছড়িয়ে পড়তেই টিনসেল টাউনে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। মৌনী ও সূর্যের রূপকথার মতো জীবনে হঠাৎ এমন কী ঘটল যে তাঁরা একে অপরের ছায়া মাড়াতেও নারাজ?

সোশ্যাল মিডিয়ায় দূরত্ব Mouni Roy
দীর্ঘদিন গোপনীয়তা বজায় রাখার পর ২০২২ সালে ধুমধাম করে ব্যবসায়ী সূর্য নামবিয়ারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন মৌনী। বিয়ের পর থেকে হামেশাই মাখোমাখো ছবি পোস্ট করতে দেখা যেত এই দম্পতিকে। কিন্তু আচমকাই ছন্দপতন! নেটিজেনরা লক্ষ্য করেছেন যে মৌনী এবং সূর্য দুজনেই সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করে দিয়েছেন। সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হতেই অনেক ছবির নীচ থেকেই উধাও হয়েছে কমেন্ট এবং লাইক। বিয়ের ঠিক আগের দিন যে সূর্যের হাত ধরে নতুন জীবনের কথা ঘোষণা করেছিলেন মৌনী, আজ সেই সূর্যের সঙ্গেই তাঁর দূরত্ব কেন, তা নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।

টাকা না কি তৃতীয় ব্যক্তি?
বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় একাধিক কথা ভেসে আসছে। কোনো কোনো সংবাদমাধ্যমের দাবি, অর্থ সংক্রান্ত বিষয়ে সূর্যের সঙ্গে মৌনীর বড়সড় কোনো মনোমালিন্য হয়েছে। আবার অনেকের মতে, তাঁদের দাম্পত্যে প্রবেশ করেছে ‘তৃতীয় কোনো ব্যক্তি’। সেই তৃতীয় কারোর হস্তক্ষেপেই কি তবে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা? যদিও এই গুঞ্জন নিয়ে মৌনী বা সূর্য এতদিন নিশ্চুপ ছিলেন, কিন্তু পরিস্থিতি হাতের বাইরে যেতেই অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী।
সংবাদমাধ্যমের কাছে মৌনীর বার্তা
অজস্র মনগড়া খবরের জবাবে সোশ্যাল মিডিয়ায় মৌনী একটি বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, “সংবাদমাধ্যমের কাছে অনুরোধ, দয়া করে কোনো মনগড়া কথা লিখে দেবেন না। আমাদের কিছুটা সময় দিন, ব্যক্তিগত সময় দিন।” লক্ষ্যণীয় বিষয় হলো, মৌনী ব্যক্তিগত সময় চাইলেও কিন্তু বিচ্ছেদের খবরটি সরাসরি অস্বীকার করেননি। বরং এই পোস্টের পর জল্পনা আরও বেড়েছে। বিচ্ছেদ নিয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করার আগে মৌনী যে কিছুটা সময় নিচ্ছেন, তা তাঁর কথাতেই স্পষ্ট।
কঠিন সময়ে দিদিই ভরসা
উল্লেখ্য স্বামীকে আনফলো করার মাঝেই নিজের দিদির সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন মৌনী রায়। সেই ছবির সঙ্গে একটি অত্যন্ত অর্থপূর্ণ বার্তাও দিয়েছেন তিনি। মৌনী জানিয়েছেন, যে কোনো কঠিন পরিস্থিতিতে তাঁর দিদিই সবসময় তাঁর পাশে থাকেন। জীবনের এই টালমাটাল অবস্থায় দিদির ওপর এই অটুট আস্থা দেখে অনেকেরই ধারণা মৌনী ও সূর্যের বিচ্ছেদ এখন কেবল সময়ের অপেক্ষা।
