leander peas mother pass away
Bengal Liberty, ১৭ মে :
চরম শোকের ছায়া ভারতীয় ক্রীড়ামহলে। পিতৃহারা হওয়ার মাত্র ৯ মাসের মাথায় এবার মাতৃহারা হলেন কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজ (Leander Paes mother pass away)। প্রয়াত হলেন প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় তথা অলিম্পিয়ান জেনিফার পেজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘ সময় ধরে মারণ রোগ ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি, অবশেষে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই লড়াকু অ্যাথলিট।

৯ মাসের ব্যবধানে বাবা-মা উভয়কে হারালেন লিয়েন্ডার Leander Paes mother pass away
এই মুহুর্তে পেজ পরিবারের জন্য সময়টা অত্যন্ত কঠিন। গত বছর অর্থাৎ ২০২৫ সালের ১৪ আগস্ট প্রয়াত হয়েছিলেন লিয়েন্ডারের বাবা, প্রখ্যাত হকি অলিম্পিয়ান ডক্টর ভেস পেজ। সেই শোক কাটিয়ে ওঠার আগেই এবার মা জেনিফারকে হারালেন লিয়েন্ডার। উল্লেখ্য এই মৃত্যু সংবাদ পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

গভীর শোকপ্রকাশ শুভেন্দুর
তাঁর এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লিয়েন্ডারের মায়ের প্রয়াণে শোকপ্রকাশ করে তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “ভারতীয় টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজের মা জেনিফার পেজের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। ভারতীয় বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক ও অলিম্পিয়ান হিসেবে ক্রীড়াজগতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শোকের এই মুহূর্তে লিয়েন্ডার এবং তাঁর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল।”
.
Deeply saddened by the passing away of Smt. Jennifer Paes; Mother of Indian Tennis legend Leander Paes.
A former Captain of the Indian Basketball team & Olympian, her immense contribution to Indian Sports and her legacy will always be remembered.
My heartfelt condolences to…— Suvendu Adhikari (@SuvenduWB) May 17, 2026
ভারতীয় ক্রীড়াজগতে জেনিফার পেজের অবদান
জেনিফার পেজ ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিক্সে ভারতীয় বাস্কেটবল দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। শুধু তাই নয়, ১৯৮২ সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা বাস্কেটবল দলকে নেতৃত্ব দিয়েছিলেন জেনিফার। ব্যক্তিগত জীবনে তিনি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বংশধর ছিলেন। স্বামী ভেস পেজের সঙ্গে পরবর্তী জীবনে তাঁর বিচ্ছেদ ঘটলেও, ভারতের ক্রীড়া ইতিহাসে তাঁদের পরিবারের অবদান অতুলনীয়।
জেনিফার পেজের প্রয়াণে ভারতীয় বাস্কেটবল জগতের একটি যুগের অবসান হলো। লিয়েন্ডারের ব্যক্তিগত জীবনে এই অপূরণীয় ক্ষতিতে বেঙ্গল লিবার্টি পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানানো হচ্ছে।
