TMC
Bengal Liberty:
প্রতি বছরের ন্যায় একুশে জুলাইকে সামনে রেখে এই বছরেও ক্ষমতা প্রদর্শনের প্রস্তুতি নিয়েছিল কালীঘাট তৃণমূল(21 July)। কিন্তু শেষ মুহূর্তে কলকাতা পুলিশের অনুমতি না মেলায় নির্ধারিত মিছিল স্থগিত করতে বাধ্য হল সংগঠন। বুধবার বালিগঞ্জ ফাঁড়ি থেকে ল্যান্সডাউন মার্কেট পর্যন্ত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আইটি সেল, ছাত্র-যুব ও যুব সংগঠনের উদ্যোগে যে মিছিল হওয়ার কথা ছিল, তা বাতিলের ঘোষণা করা হয়েছে।

প্রশাসনের তরফে মেলেনি অনুমতি
সূত্রের খবর, বহুদিন আগেই কলকাতা পুলিশের কাছে অনুমতির আবেদন করা হলেও দীর্ঘদিন কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। শেষ পর্যন্ত কর্মসূচির ঠিক আগের দিন পুলিশ অনুমতি না দেওয়ার কথা জানায়। পাশাপাশি আইন মেনে চলার কথা উল্লেখ করে কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেয় কালীঘাট তৃণমূল।
তবে প্রশ্ন উঠেছে, কর্মসূচির আগে প্রয়োজনীয় প্রশাসনিক ছাড়পত্র নিশ্চিত না করেই কেন এত বড় মিছিলের প্রচার করা হয়েছিল? দলের তরফ থেকে জানানো হয়েছে, শীর্ষ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী পরবর্তী কর্মসূচির দিনক্ষণ পরে ঘোষণা করা হবে। আপাতত কর্মী-সমর্থকদের সরকারি নির্দেশের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।

