Suprabuddha Sen Passes Away
বেঙ্গল লিবার্টি, শান্তিনিকেতন:
শান্তিনিকেতনের সাংস্কৃতিক আকাশের আরও একটি উজ্জ্বল নক্ষত্র খসে পড়ল (Suprabuddha Sen Passes Away)। প্রয়াত হলেন বিশ্ববরেণ্য শিল্পাচার্য নন্দলাল বসুর দৌহিত্র (নাতি) সুপ্রবুদ্ধ সেন। সোমবার সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তাঁর প্রয়াণের খবর শান্তিনিকেতনে পৌঁছাতেই গোটা আশ্রম চত্বরে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াণ
পারিবারিক সূত্রের খবর, বিগত কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন সুপ্রবুদ্ধবাবু। মূলত শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। রবিবার আচমকাই শারীরিক অবস্থার ঘটে। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোমবার সকালের দিকে হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শান্তিনিকেতনের এই প্রবীণ ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।

শান্তিনিকেতনের এক সুপরিচিত অভিভাবক
সুপ্রবুদ্ধ সেন কেবল শিল্পাচার্যের উত্তরসূরিই ছিলেন না, সঙ্গে ছিলেন শান্তিনিকেতনের ঐতিহ্য, কৃষ্টি ও সাংস্কৃতিক পরিমণ্ডলের এক অন্যতম ধারক এবং পরিচিত মুখ। অমায়িক ব্যবহারের জন্য আশ্রম থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা এবং রবীন্দ্র-অনুরাগীদের কাছে তিনি অত্যন্ত প্রিয় ছিলেন। সোমবার সকাল থেকেই তাঁর বাসভবন এবং শান্তিনিকেতনের বিভিন্ন প্রান্তে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে ভিড় জমান তাঁর অনুরাগীরা ও স্থানীয় বাসিন্দারা।
ভোটার তালিকা বিতর্ক
সুপ্রবুদ্ধ সেনের জীবনের শেষ দিনগুলো একটি ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তরজা শুরু হয়েছিল। সম্প্রতি এসআইআর (SIR) প্রক্রিয়ায় সুপ্রবুদ্ধ বাবু এবং তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্যের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যায়। বিষয়টি নিয়ে তিনি দমে না গিয়ে আইনি লড়াই লড়েন এবং মামলা আদালত পর্যন্ত গড়ায়। পরবর্তীতে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে পুনরায় সসম্মানে তাঁদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এই লড়াকু ব্যক্তিত্বের প্রয়াণে বহু বিশিষ্ট জন গভীর সমবেদনা জানিয়েছেন।

