Vande Mataram Mandatory
Bengal Liberty:
দীর্ঘ গ্রীষ্মকালীন ছুটির পর সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুল ও মাদ্রাসায় ফের পুরোদমে পঠনপাঠন শুরু হল (Vande Mataram Mandatory)। আজ থেকেই রাজ্যজুড়ে কার্যকর হয়েছে শিক্ষা দফতরের নতুন নির্দেশিকা। সেই অনুযায়ী, রাজ্যের সমস্ত স্কুল ও মাদ্রাসার নিয়মিত প্রার্থনা পর্বে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ফলে সপ্তাহের প্রথম দিনেই স্কুল খোলার পর জাতীয় সঙ্গীতের পাশাপাশি ‘বন্দে মাতরম’ গাইতে দেখা গেল রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাকে।

মোবাইল ও সাউন্ড সিস্টেমের ভরসা Vande Mataram Mandatory
গ্রীষ্মকালীন ছুটির সময় থেকেই বহু বিদ্যালয়ে পড়ুয়াদের ‘বন্দে মাতরম’ গানটি সঠিকভাবে শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে প্রার্থনার সময় অনেক পড়ুয়ারই এখনও সম্পূর্ণ গানটি মুখস্থ হয়ে ওঠেনি। সেই সমস্যার সমাধানে বিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে। প্রথম কয়েকদিন পড়ুয়াদের সুর ও উচ্চারণ ঠিক রাখতে মোবাইল ফোন, ব্লুটুথ স্পিকার এবং সাউন্ড সিস্টেমের সাহায্য নেওয়া হচ্ছে।
সম্পূর্ণ ‘বন্দে মাতরম’ গাইতে প্রায় তিন মিনিটের কিছু বেশি সময় লাগে। এখন থেকে প্রতিদিন সকালের প্রার্থনা পর্বে জাতীয় সঙ্গীতের পাশাপাশি এই গানটিও অন্তর্ভুক্ত হওয়ায় স্কুল অ্যাসেম্বলির সময়সীমা কিছুটা বৃদ্ধি পেতে চলেছে। একই নির্দেশিকা সমানভাবে কার্যকর করা হয়েছে রাজ্যের মাদ্রাসাগুলিতেও। সোমবার সকাল থেকেই শিক্ষা দফতরের নির্দেশ মেনে মাদ্রাসাগুলিতে নতুন নিয়ম অনুযায়ী প্রার্থনা পর্ব অনুষ্ঠিত হতে দেখা গেছে।

শিক্ষক ও মাদ্রাসা প্রধানদের প্রতিক্রিয়া
বিদ্যালয় ও মাদ্রাসাগুলিতে এই নতুন নির্দেশিকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পড়ুয়াদের উচ্চারণ ও সুরের যথার্থতা বজায় রাখতে আপাতত অডিও সিস্টেমের মাধ্যমে গান শেখানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে ধীরে ধীরে পড়ুয়ারা অভ্যস্ত হয়ে গেলে এই সহায়তা তুলে নেওয়া হবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, কয়েকজন মাদ্রাসা প্রধানের মতে, সরকারি নির্দেশিকা জারি হয়েছে যখন, তখন তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। তবে আচমকা সম্পূর্ণ ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার ফলে প্রার্থনা পর্বের সময়সূচির ওপর কতটা প্রভাব পড়ে, সেটাই এখন দেখার বিষয়।

