মঙ্গলবার রাতে তোলাবাজির গ্রেফতার হলেন তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর।
Bengal Liberty, কলকাতা, ৩ জুন: তোলাবাজির অভিযোগে আরও এক তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ (Garfa TMC Councillor Arrest)। কলকাতা পুরসভার ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুরকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে গড়ফা থানার পুলিশ। স্থানীয় প্রোমোটার ও ব্যবসায়ীদের কাছ থেকে হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে এলাকায় নির্মাণকাজ ও ব্যবসা সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে প্রভাব খাটিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছিল। কয়েকজন প্রোমোটার এবং দোকানদার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে গড়ফা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে বেশ কিছু তথ্য সামনে আসার পর মঙ্গলবার রাতে অরিজিৎ দাস ঠাকুরকে গ্রেফতার করা হয়।

পরপর গ্রেফতারিতে চাপে তৃণমূল (Garfa TMC Councillor Arrest)
উল্লেখযোগ্যভাবে, এদিনই কলকাতার ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শচীন সিংহকেও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করেছে নারকেলডাঙা থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ উঠেছে বলে জানা গিয়েছে।
CPIM on Ritabrata: বাংলায় মহারাষ্ট্র মডেল! | Bengal Liberty@CpimWBS @RitabrataBanerj #TMCWestBengal #CPIM #tmcvscpim #NewTMC #RitabrataBanerjee #BengalLiberty pic.twitter.com/A9ttWw1gMY
— Bengal Liberty (@bengalliberty1) June 2, 2026
এর আগে, প্রায় এক সপ্তাহ আগে ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা বোরো-১৬-এর চেয়ারম্যান সুদীপ পোল্লেকেও একই ধরনের অভিযোগে গ্রেফতার করেছিল ঠাকুরপুকুর থানার পুলিশ। পরপর তিন তৃণমূল কাউন্সিলরের গ্রেফতারিকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

বিরোধীদের দাবি, রাজ্যের শাসকদলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ওঠা একের পর এক তোলাবাজির অভিযোগ প্রশাসনিক দুর্নীতিরই প্রতিফলন। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, সমস্ত অভিযোগ খতিয়ে দেখে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

