ISL
Bengal Liberty, ২ জুন ২০২৬ :সম্প্রতি ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এর সমাপ্তির পর আগামী মরসুমকে কেন্দ্র করে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছিল।( ISL) চলতি মরসুমেও নানা সমস্যা ও জটিলতার মধ্যে দিয়ে সিঙ্গেল রাউন্ড-রবিন ফরম্যাটে প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। যদিও অনেকের মতে, তা ছিল দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। তবে আইএসএল শেষ হওয়ার পর ফের একাধিক জটিলতা সামনে আসে। বেশ কয়েকটি স্পনসর ও অংশীদার সংস্থার সঙ্গে নতুন চুক্তি না হওয়ায় প্রতিযোগিতার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
এই পরিস্থিতির মধ্যেই আইএসএল নিয়ে আশার বার্তা শোনালেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। ফেডারেশনের প্রকাশিত সম্ভাব্য ফুটবল ক্যালেন্ডারেও আইএসএলের জন্য প্রয়োজনীয় সময় বরাদ্দ রাখা হয়েছে।

এআইএফএফ-এর সম্ভাব্য ক্যালেন্ডার( ISL)
এআইএফএফের প্রকাশিত সম্ভাব্য ক্যালেন্ডার অনুযায়ী, আগামী মরসুমে পূর্ণাঙ্গ আইএসএল আয়োজনের সম্ভাবনা রয়েছে। ফেডারেশন কাপ-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।
আগামী আইএসএল শুরু হতে পারে ২০২৬ সালের ১ সেপ্টেম্বর এবং চলতে পারে ২০২৭ সালের ১১ এপ্রিল পর্যন্ত। অর্থাৎ প্রায় সাড়ে সাত মাস ধরে চলবে দেশের শীর্ষ ফুটবল লিগ। আইএসএল শেষ হওয়ার পর অনুষ্ঠিত হতে পারে ফেডারেশন কাপ, যার সম্ভাব্য সূচি ২০২৭ সালের ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত।
এর ফলে আগামী মরসুমে ফের ডাবল রাউন্ড-রবিন ফরম্যাটে আইএসএল আয়োজনের সম্ভাবনা জোরদার হয়েছে।
অন্যদিকে, ইন্ডিয়ান ফুটবল লিগ (আইএফএল) শুরু হতে পারে আগামী ৯ অক্টোবর এবং চলবে ২০২৭ সালের ১৪ মার্চ পর্যন্ত। মহিলাদের জাতীয় লিগ শুরু হওয়ার সম্ভাবনা ২০২৬ সালের ৩ সেপ্টেম্বর, যা চলতে পারে ২০২৭ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত।
সব মিলিয়ে, দীর্ঘ অনিশ্চয়তার পর ভারতীয় ফুটবলে আবারও স্বাভাবিক ছন্দ ফেরার ইঙ্গিত মিলছে। ফুটবলপ্রেমীদের কাছে এটি নিঃসন্দেহে স্বস্তির খবর। বাংলা-সহ গোটা দেশ ফের ফুটবল জ্বরে মাততে প্রস্তুত।


