US Iran Meeting
Bengal Liberty, ৫ জুন ২০২৬ : মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে ফের নতুন মোড়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু(US Iran Meeting) হওয়া এই যুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন সময় নতুন নতুন সমীকরণের সৃষ্টি হয়েছে। দুই পক্ষের বর্বরচিত হামলা, যুদ্ধবিরতিকে বুড়ো আঙুল দেখিয়ে হরমুজ প্রণালীতে বেনজির উত্তেজনা সৃষ্টি, কিংবা ইসলামাবাদে দুই রাষ্ট্রের শান্তি বৈঠক ভেস্তে যাওয়া—সবকিছুই বারবার শিরোনামের কেন্দ্রবিন্দুতে এসেছে। এ ছাড়া উভয় পক্ষ থেকেই প্রতিনিয়ত নানা উসকানিমূলক মন্তব্য সামনে এসেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই ভয়ংকর পরিস্থিতি রীতিমতো এক রোমাঞ্চকর ওয়েব সিরিজের রূপ নিয়েছে। তবে সিনেমার চিত্রনাট্যের মতোই এবার এক নাটকীয় মোড় এলো। সবাইকে অবাক করে দিয়ে দীর্ঘ তিন মাসের চূড়ান্ত টানাপোড়েনের পর অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

মিলবে কি সমাধানের সূত্র(US Iran Meeting)
বিগত তিন মাস ধরে দুই যুযুধান পক্ষ সমানে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। প্রথমে মনে করা হয়েছিল ইরান বেশিদিন এই লড়াই টিকিয়ে রাখতে পারবে না। তবে সবাইকে চমকে দিয়ে আমেরিকার বিরুদ্ধে সমানে প্রতিরোধ গড়ে তুলেছে তেহরান।
এই হাই-প্রোফাইল বৈঠকে মূলত তিনটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে আলোচনা হতে পারে। আসুন দেখে নেওয়া যাক সেই মূল বিষয়গুলো কী কী:
* পরমাণু অস্ত্র: শুরু থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছিল যে ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা করতে পারবে না। এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই অচলাবস্থা চলছে।
* বাজেয়াপ্ত সম্পত্তি ফেরত: আমেরিকার কাছে ইরানের যে বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত রয়েছে, তা ফেরত দেওয়ার দাবি জানাতে পারে তেহরান। এর আগেও এই বিষয় নিয়ে একাধিকবার কথা হলেও কোনো সমাধান সূত্র মেলেনি।
* হরমুজ প্রণালী: চলমান যুদ্ধের সবচেয়ে সংবেদনশীল বিষয় হলো স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। তিন মাসের এই রক্তক্ষয়ী যুদ্ধের কারণে হরমুজ প্রণালীর পরিস্থিতি চরম উত্তপ্ত। এর ফলে বিশ্ববাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়। তাই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা এই বৈঠকের অন্যতম বড় এজেন্ডা।

বৈঠকের আগেই ট্রাম্পের হুঙ্কার(US Iran Meeting)
ইতিহাসে এই প্রথমবার এক টেবিলে আলোচনায় বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প ও মোজতবা খামেনেই। কিন্তু এই ঐতিহাসিক বৈঠকের আগেও নিজের চেনা মেজাজে হুঙ্কার দিয়েছেন ট্রাম্প। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন “যেভাবেই হোক, আমরাই জিতছি। সে সেনাবাহিনীর সাহায্যেই হোক কিংবা খাতায়-কলমে।”
এখনো এই বৈঠকের চূড়ান্ত দিনক্ষণ নির্ধারিত হয়নি। তবে কূটনৈতিক মহলের আশঙ্কা, বৈঠকের আগে যদি পুনরায় কোনো বড়সড় হামলা ঘটে, তবে পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে যাবে। ইতিমধ্যেই এই যুদ্ধের জেরে বিশ্বের একটি বিরাট অংশে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে, যার বড় ধাক্কা লেগেছে ভারতের বাজারেও (মূল্যবৃদ্ধি)। এই বৈশ্বিক সংকটের অবসান একমাত্র যুদ্ধ থামলেই সম্ভব। এখন দেখার, ট্রাম্প-খামেনেইর এই হাই-ভোল্টেজ বৈঠক সত্যিই কোনো শান্তির আলো দেখাতে পারে কিনা।


