Rules of Fifa World Cup
Bengal Liberty, ৫ জুন ২০২৬ : আর মাত্র ৭ দিনের অপেক্ষা,(Rules of Fifa World Cup) তারপরেই শুভ সূচনা হতে যাচ্ছে “দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ” খ্যাত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। প্রতিবারের মতো এবারও বিশ্বকাপকে কেন্দ্র করে ফুটবল অনুরাগীদের মধ্যে চরম উন্মাদনার সৃষ্টি হয়েছে। তবে এবারের বিশ্বকাপ ম্যাচ শুরুর আগেই আগের সব আসরকে কিছুটা হলেও পেছনে ফেলে দিয়েছে।
প্রথমত, এবারের বিশ্বকাপে এই প্রথম তিনটি দেশ যৌথভাবে আয়োজকের ভূমিকা পালন করছে, যা ফুটবল ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে আয়োজন করলেও, এবার এক কাঠি এগিয়ে কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র এই গুরুদায়িত্ব পালন করছে। সেই সাথে ৩২টি দলের বদলে এবার ৪৮টি দল এই মেগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ফলে ম্যাচ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ১০৪টিতে। অর্থাৎ, সব দিক থেকেই এবারের ফুটবলের মহাযুদ্ধ এক ঐতিহাসিক নজির সৃষ্টি করতে যাচ্ছে। উত্তর আমেরিকার ১৬টি শহরে বসবে বিশ্বকাপের এই জমজমাট আসর।
বিশ্বকাপকে ঘিরে অতীতে কম বিতর্ক হয়নি। ২০০৬ বিশ্বকাপে জার্মানি বনাম ইংল্যান্ডের ম্যাচে ল্যাম্পার্ডের গোল বাতিল হওয়া কিংবা ১৯৮৬ সালে দিয়েগো মারাদোনার সেই বিখ্যাত ও বিতর্কিত “হ্যান্ড অফ গড”—সব মিলিয়ে বিশ্বকাপের মতো উচ্চমানের প্রতিযোগিতায় বারবার বিতর্ক উঁকি দিয়েছে। তাই এবারের মেগা ইভেন্টে বেশ কিছু নয়া নিয়ম চালু করতে চলেছে ফিফা, যাতে খেলার মান আরও উন্নত হয় এবং কোনো রকম বিতর্ক ছাড়াই ম্যাচ পরিচালনা করা সম্ভব হয়। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক ফিফার সেই নয়া নিয়মগুলো:
আরো পড়ুন:- মমতার পাশ থেকে সরছেন মুসলিমরা? মহামেডান স্পোর্টিংয়ে তৃণমূল জমানার অবসান ঘটিয়ে দায়িত্বে হুমায়ুন কবীর

ফিফার নয়া নিয়মাবলি(Rules of Fifa World Cup)
* মুখ ঢাকা বারণ: মাঠে প্রতিপক্ষের সামনে মুখ ঢেকে কোনো রকম কথা বলা যাবে না। এমনকি রেফারির সাথে কথা বলার সময়ও মুখ খোলা রাখতে হবে। অতীতে এই মুখ ঢাকার আড়ালে বহু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তাই এবার কঠোর অবস্থান নিয়েছে ফিফা।
* প্রতিবাদে মাঠ ছাড়া যাবে না: রেফারির কোনো সিদ্ধান্ত পছন্দ না হলে প্রতিবাদ জানিয়ে মাঠ ছেড়ে চলে যাওয়া যাবে না। যদি এমন কোনো ঘটনা ঘটে, তবে সংশ্লিষ্ট খেলোয়াড়দের হলুদ কার্ড দেখানো হবে এবং দলটিকে পরাজিত ঘোষণা করা করা হবে।
* থ্রো-ইন ও গোলকিক: মাত্র ৫ সেকেন্ডের মধ্যে থ্রো-ইন ও গোলকিক সম্পন্ন করতে হবে। কোনো দল যদি অযথা সময় নষ্ট করে, তবে প্রতিপক্ষ দল কর্নার কিক পাবে।
* অনফিল্ড ট্রিটমেন্ট: কোনো খেলোয়াড় চোট পেলে ১ মিনিটের মধ্যে তাকে মাঠের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করতে হবে। তবে গুরুতর চোটের ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা নেওয়া যাবে। এই নিয়ম অমান্য করলে কড়া শাস্তির মুখোমুখি হতে হবে।
* ভিএআর (VAR)-কে বাড়তি ক্ষমতা: এবারের বিশ্বকাপে আরও শক্তিশালী প্রযুক্তির ওপর ভরসা করা হচ্ছে। গোল চেক করার পাশাপাশি কর্নার কিংবা হলুদ ও লাল কার্ডের সিদ্ধান্তের ক্ষেত্রেও বাড়তি দায়িত্ব পালন করবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR)।
* জলপানের বিরতি (Water Break): ম্যাচের প্রতি অর্ধে রেফারির নির্দেশ অনুযায়ী ৩ মিনিটের জলপানের বিরতি নেওয়া যাবে। রেফারি প্রয়োজন মনে করলে এই সময় আরও বাড়াতে পারেন। এক্ষেত্রে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।
* গোলরক্ষকের চোট: গোলরক্ষক চোট পেলে মাঠে অন্য কোনো খেলোয়াড় কিংবা কোচের সাথে কোনো রকম আলোচনা করা যাবে না। চিকিৎসার জন্য সরাসরি মাঠের বাইরে নিয়ে যেতে হবে।
ফিফা বিশ্বকাপের মঞ্চে যুক্ত হওয়া একগুচ্ছ নিয়মের এই তালিকা মাঠের খেলায় কতটা প্রভাব ফেলে এবং এবারের প্রতিযোগিতায় কী কী পরিবর্তন আনে, এখন সেটাই দেখার বিষয়।


