Anubrata Mandal
Bengal Liberty:
তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় FIR রুজু করল পুলিশ। মোট ৮টি ধারায় মামলা রুজু করা হয়েছে। ২০২১ সালে ভোটের পর অনুব্রতর লোকজন বোলপুরে পার্টি অফিস তৈরি করতে প্রায় ৩০ লক্ষ টাকার ইট নেন। কিন্তু ইট নেওয়ার পর টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ। এমনকি টাকা চাইলে ইট ভাটার মালিককে ভয় দেখানোর অভিযোগ উঠেছে অনুব্রতর বিরুদ্ধে। চুরি ও তোলাবাজি সহ একাধিক জামিন অযোগ্য় ধারায় মামলা রয়েছে।

বিস্ফোরক অভিযোগ ইটভাটার মালিকের
২০২১ সালে মামলা করতে চেয়েছিলেন অভিযোগকারী শুভেন্দুবিকাশ মণ্ডল। তবে সেই সময় অভিযোগ নেওয়া হয়নি। সম্প্রতি নতুন করে অভিযোগ দায়ের করেন তৃণমূল নেতা বিরুদ্ধে। ইটভাটার মালিকের দাবি, ২০২১ সালের ভোটের পর ইটভাটায় গিয়ে জোর করে ইট নিয়ে নেওয়া হয়। পরবর্তীতে টাকা চাইলে টাকা দেওয়া হয়নি, উল্টে ভয় দেখানো হয়।
শুভেন্দুবিকাশ বলছেন, কঙ্কালীতলা এলাকায় একটি ইটভাটা ছিল। অভিযোগ, বিভিন্ন সময়ে তোলার দাবি করতেন অনুব্রত সহ তৃণমূল কর্মীর সাঙ্গপাঙ্গরা। তোলা না দিলে চলত ভয় দেখানো। এছাড়াও এলাকার সব ট্রাক্টর মালিকদের ভয় দেখিয়ে প্রায় ১০০ ট্রাক্টর নিয়ে গিয়ে ইট তুলে আনা হয়। বন্দুক দেখিয়ে, বোমাবাজি করে ভয় দেখানো চলত। দেওয়া হতো হুমকিও। কার্যত প্রাণ হাতে করে পালাতে হয়েছিল ইটভাটার কর্মীদের বলেও জানিয়েছেন ইটভাটার মালিক শুভেন্দুবিকাশ।

