Weather Alert
Bengal Liberty, ১২ জুন:
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতির সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে বাংলার আবহাওয়ার চিত্র (Weather Alert)। রাজ্যের একাধিক জেলায় ইতিমধ্যেই শুরু হয়েছে ঝড়-বৃষ্টির দাপট। কোথাও মেঘভাঙা বৃষ্টির মতো পরিস্থিতি, কোথাও আবার ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে বর্ষা কার্যত নিজের উপস্থিতি জানান দিয়েছে। এবার দক্ষিণবঙ্গেও আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বর্ষার আনুষ্ঠানিক প্রবেশের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এরই মাঝে রাজ্যের বিভিন্ন জেলায় জারি হয়েছে হলুদ ও কমলা সতর্কতা (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতির জেরে সংশ্লিষ্ট জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় বায়ুমণ্ডলে অস্থিরতা তৈরি হয়েছে। তার জেরেই কালবৈশাখী এবং বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে। আগামী এক থেকে দু’দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতি আরও জোরদার হবে বলেও জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাহাড় ও ডুয়ার্স সংলগ্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে কিছু এলাকায় জল জমার পরিস্থিতিও তৈরি হতে পারে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।



