Sabina Yasmin
Bengal Liberty, কৃষ্ণনগর: মতাদর্শ আলাদা হলেও মেয়ের নৃশংস খুনের বিচার পেতে তাঁর ভরসা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীই (Sabina Yasmin)। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলপ্রকাশের দিন তৃণমূল সমর্থকদের ছোড়া বোমার আঘাতে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল একরত্তি শিশু তমন্না। সেই ঘটনার পর কেটে গেছে বেশ কিছুটা সময়। রাজ্যে ঘটেছে রাজনৈতিক পটপরিবর্তন। কিন্তু কোলের সন্তানকে হারানোর সুবিচারের লড়াই আজও থামেনি।
এবার মেয়ের খুনের প্রকৃত বিচার চেয়ে কৃষ্ণনগর পুলিশ জেলা সুপারের দ্বারেস্থ হলেন কালীগঞ্জের তমন্নার মা তথা সদ্য সমাপ্ত নির্বাচনে ওই কেন্দ্রের বাম প্রার্থী সাবিনা ইয়াসমিন।শনিবার দুপুর নাগাদ কৃষ্ণনগর জেলা পুলিশ সুপারের অফিসে পৌঁছান সাবিনা। সেখানে নতুন পুলিশ সুপারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। অফিস থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাবিনা বলেন, “আগের সরকার আমাদের বিচার দেয়নি। আগের সরকার ক্ষমতায় থাকলে হয়তো কোনোদিনই বিচার পেতাম না। তবে বর্তমান সরকারের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আশা করছি এই নতুন সরকার সম্পূর্ণ রাজনৈতিক নিরপেক্ষভাবে এই মামলার বিচার করবে।”

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা (Sabina Yasmin)
এবারের নির্বাচনে বামপ্রার্থী হওয়া সত্ত্বেও রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা শোনা যায় সন্তানহারা মায়ের গলায়। তিনি বলেন, “দুষ্কৃতীদের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাহেব যেভাবে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। আশা করছি আমার মেয়ের খুনিরাও আইনের হাত থেকে পার পাবে না এবং তাদেরও চরম শাস্তি হবে।”
প্রসঙ্গের উল্লেখ্য, ২০২৫ সালের ২৩ জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলপ্রকাশের দিন চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ, ফলাফল ঘোষণা হওয়ার আগেই তৃণমূল কংগ্রেসের তরফে একটি বিজয় মিছিলের আয়োজন করা হয়েছিল। সেই মিছিল থেকেই আচমকা তমন্নাদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। বোমার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশু তমন্নার। মেয়ের এই নৃশংস মৃত্যুর ঘটনায় তৎকালীন শাসকদলের ২৪ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন সাবিনা। পরবর্তীতে গত ১০ সেপ্টেম্বর এই মামলার চার্জশিট জমা দেয় পুলিশ। মূল অভিযুক্ত দয়াল শেখ-সহ মোট ১০ জনের নাম ছিল সেই চার্জশিটে। যদিও তমন্নার পরিবারের দাবি ছিল, মূল অপরাধীদের অনেকেই এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে।

কালীগঞ্জ কাণ্ডে ন্যায়বিচারের লড়াই অব্যাহত (Sabina Yasmin)
এদিন সাবিনা ইয়াসমিন দৃঢ়তার সঙ্গে বলেন, “আমরা এজাহারে নাম থাকা ২৪ জনেরই কঠোর শাস্তি চাই। তা না হলে আমার মৃত মেয়ের আত্মা শান্তি পাবে না। রাজ্যে সরকার বদল হওয়ার পর থেকে আইন-শৃঙ্খলার পরিস্থিতি যথেষ্ট ভালো হয়েছে। শুভেন্দুর সরকারের ওপর আমাদের পুরো বিশ্বাস আছে। স্যার আমাদের নিশ্চিত বিচার দেবেন এবং কাজও একদম ঠিকঠাক এগোচ্ছে।”
কৃষ্ণনগর পুলিশ জেলায় নতুন এসপি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইপিএস অতুল ভি। তাঁর সঙ্গেই এদিন দেখা করে সমস্ত বিষয় জানান সাবিনা। নতুন এসপি দ্রুত ফাইল খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। আগামী সপ্তাহে জেলায় ডিআইজি এলে তাঁর সঙ্গেও মেয়ের খুনের তদন্ত নিয়ে দেখা করবেন বলে জানিয়েছেন তমন্নার মা।


