Rachna Banerjee
Bengal Liberty: তৃণমূলের অন্দরে বিদ্রোহের আঁচ আরও তীব্র করে এবার এনসিপিআই-এর নথিতে সই করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বিদেশ থেকে ফিরেই সোজা দিল্লিতে পৌঁছে তিনি লোকসভার সেক্রেটারি জেনারেলের সঙ্গে দেখা করেন এবং বিদ্রোহী সাংসদদের দলে যোগ দেওয়ার চিঠিতে নিজের স্বাক্ষর যোগ করেন।

‘দিদির সঙ্গে সম্পর্ক অটুট, কিন্তু কাজটাই আসল’ (Rachna Banerjee)
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিজের পুরনো সম্পর্ক নিয়ে রচনা এদিন বলেন, “দিদির সঙ্গে আমার সম্পর্ক চিরকাল অটুট থাকবে। আমি তাঁকে অসম্ভব শ্রদ্ধা করি। মানুষ তাঁকে দেখেই ভোট দিয়েছেন ঠিকই, কিন্তু আমাকেও ভোট দিয়েছেন এলাকার উন্নয়নের জন্য।” সাংসদের আক্ষেপ, গত ১৫ বছরে হুগলি কেন্দ্রে যে উন্নয়ন হওয়া উচিত ছিল, তা হয়নি। বরং কাজের পথে বারবার বাধা সৃষ্টি করা হয়েছে।

কেন এই বিদ্রোহ? (Rachna Banerjee)
রচনা সাফ জানান, শুধু ‘দিদির লোক’ ট্যাগ নিয়ে হাত নাড়িয়ে এলাকায় ঘুরে বেড়ানোর জন্য মানুষ তাঁকে ভোট দেননি। তিনি বলেন, “তারকা হিসেবে এসেছি বলে হাত নেড়ে চলে যাব, এটা হয় না। আমাকে মানুষের পাশে থাকতে হবে। কেন্দ্রের সমর্থন ছাড়া উন্নয়নের কাজ করা সম্ভব নয়।” বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি বলেন, উন্নয়ন কীভাবে করতে হয়, তা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছেন।

বদল কি ‘দিদি নম্বর ১’-এও? (Rachna Banerjee)
রচনার এই রাজনৈতিক অবস্থান পরিবর্তনের পরই জোর জল্পনা শুরু হয়েছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালিকা পদ নিয়ে। শোনা যাচ্ছে, এই মঞ্চ থেকেও শীঘ্রই বিদায় নিতে পারেন তিনি। তবে চ্যানেল কর্তৃপক্ষ বা রচনার তরফে এবিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। নতুন কোনো নায়িকা এই শো-এর দায়িত্ব নেবেন কি না, তা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা।

এনডিএ-র সঙ্গে পথচলা (Rachna Banerjee)
রচনা ছাড়াও তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদ এখন এনসিপিআই-এর হাত ধরে এনডিএ শিবিরের সঙ্গে কাজ করতে বদ্ধপরিকর। নরেন্দ্র মোদি ও অমিত শাহের নেতৃত্বে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়নে তাঁরা সদর্থক ভূমিকা নিতে চান বলেই জানিয়েছেন বিদ্রোহী সাংসদরা।


