Saurav Ganguly Complaint
Bengal Liberty: সোশ্যাল মিডিয়ায় নিজের নামে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার তিনি ঠাকুরপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কী রয়েছে অভিযোগে? (Saurav Ganguly Complaint)
অভিযোগপত্রে সৌরভ উল্লেখ করেছেন যে, ‘সৌরভ গাঙ্গুলি ফ্যানস’ নামক একটি ফেসবুক পেজ এবং ‘স্পোর্টজউইকি’ নামক একটি প্ল্যাটফর্ম নিয়মিত তাঁর সম্পর্কে ভিত্তিহীন ও নেতিবাচক তথ্য প্রচার করছে, যা তাঁর ব্যক্তিগত ও পেশাগত সম্মান নষ্ট করছে। অভিযোগপত্র অনুযায়ী, সৌরভ বিষয়টির গুরুত্ব বিবেচনা করে সংশ্লিষ্ট ফেসবুক পেজ এবং তার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

নেটদুনিয়ায় বিভ্রান্তি (Saurav Ganguly Complaint)
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে দাবি করা হয়েছিল যে সৌরভের বাড়িতে ইডি তল্লাশি চালিয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন প্রাক্তন অধিনায়ক। যদিও আইনি পদক্ষেপ নেওয়ার পর ওই বিতর্কিত পোস্টগুলি আর দেখা যাচ্ছে না বলে জানা গেছে। জনমানসে তাঁর নেতিবাচক ভাবমূর্তি তৈরির অপচেষ্টা রুখতেই তিনি এই আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন।


