Daud Se Dhyan 2026
Bengal Liberty: নিয়ম মেনে যোগাভ্যাস করলে সুস্থ থাকা সম্ভব— এই বার্তাকেই সামনে রেখে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকার (Daud Se Dhyan 2026)। আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে শুক্রবার কলকাতায় আয়োজিত হল ‘দৌড় সে ধ্যান’ ম্যারাথন।

শুক্রবার সকালে কলকাতা পুরসভার প্রধান কার্যালয়ের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা হয়। শহরের বিভিন্ন প্রান্ত মিলিয়ে মোট ১১টি স্থান থেকে ম্যারাথনের আয়োজন করা হয়। এর মধ্যে কলকাতা পুরসভার সামনে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোড়াসাঁকোর বিধায়ক বিজয় ওঝা, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, শিল্পমন্ত্রী তাপস রায়-সহ রাজ্যের একাধিক জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিক।

আন্তর্জাতিক যোগ দিবসের আগে সুস্থ জীবনযাপনের বার্তা রাজ্য সরকারের (Daud Se Dhyan 2026)
আয়োজকদের দাবি, এই কর্মসূচিতে বিপুল সংখ্যক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত শরীরচর্চার গুরুত্ব তুলে ধরাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
রাজনৈতিক মহলেও কর্মসূচিটি বিশেষ তাৎপর্য বহন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু (বাবাই)। তিনি সুস্বাস্থ্যের জন্য নিয়মিত যোগাভ্যাসের প্রয়োজনীয়তার উপর জোর দেন।

ম্যারাথন শেষে মুখ্যমন্ত্রী-সহ উপস্থিত অতিথিরা যোগাভ্যাসেও অংশ নেন। এর মাধ্যমে রাজ্য সরকারের পক্ষ থেকে সুস্থ ও স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা তুলে ধরা হয়। সরকারের বক্তব্য, শরীর ও মনকে সুস্থ রাখতে নিয়মিত যোগাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।


