West Bengal Budget 2026
Bengal Liberty : রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর নিয়ে এল ২০২৬ সালের রাজ্য বাজেট। সোমবার বিধানসভায় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য মহার্ঘ ভাতা (DA) এক ধাক্কায় ২০ শতাংশ বৃদ্ধির ঐতিহাসিক ঘোষণা করলেন।
বাজেটের মূল ঘোষণা (West Bengal Budget 2026)
বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা ১৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। এই হারের ওপর অতিরিক্ত ২০ শতাংশ ডিএ যুক্ত হওয়ায় মোট মহার্ঘ ভাতার হার দাঁড়াল ৩৮ শতাংশ। শুধু কর্মরতরাই নন, পেনশন প্রাপকেরাও সমহারে অতিরিক্ত ২০ শতাংশ ডিয়ারনেস রিলিফ পাবেন। এই বর্ধিত হার আগামী ১ অক্টোবর, ২০২৬ থেকে কার্যকর হবে।

কেন এই সিদ্ধান্ত? (West Bengal Budget 2026)
বিজেপি সরকার গঠনের পর থেকেই সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ এবং কেন্দ্রীয় হারের দাবির বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছিল। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ‘সঙ্কল্পপত্র’-এর অন্যতম প্রতিশ্রুতি ছিল কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করা। এই মেগা প্যাকেজের মাধ্যমে রাজ্য সরকারের নীতি রূপায়ণে সরকারি কর্মচারীদের যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, তাকেই স্বীকৃতি দেওয়া হলো বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

কেন্দ্রের সঙ্গে ফারাক (West Bengal Budget 2026)
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬০ শতাংশ হারে ডিএ পান। ফলে ডিএ বৃদ্ধির পরেও রাজ্য এবং কেন্দ্রীয় হারের মধ্যে একটি ফারাক রয়ে গেল। তবে, সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল এই বৃদ্ধিকে ‘নজিরবিহীন’ বলে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, সরকার ধীরে ধীরে এই বৈষম্য কমিয়ে আনবে।
এই ঘোষণা রাজ্যজুড়ে সরকারি কর্মীদের মধ্যে ব্যাপক খুশির হাওয়া বইয়ে দিয়েছে। উল্লেখ্য, এর পাশাপাশি সরকার সপ্তম বেতন কমিশন গঠনেরও প্রক্রিয়া শুরু করেছে, যা কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।


