Abhishek Banerjee
Bengal Liberty : ডিজে মামলার তদন্তে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য CID-কে নিম্ন আদালত অনুমতি দিয়েছে। সেই অনুমতির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তদন্তে সহযোগিতার বিষয়ে আপত্তি নেই জানিয়েছেন তিনি। তদন্তে ব্যবহৃত অডিয়োর কণ্ঠস্বর যে তাঁরই, তা অস্বীকার না করা সত্ত্বেও কেন নতুন করে ভয়েস স্যাম্পল নেওয়ার প্রয়োজন, সেই প্রশ্ন তুলে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে এই বিষয়ে আবেদন জানানো হয়। আগামী সোমবার মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে খবর (Abhishek Banerjee)।

কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে প্রশ্ন (Abhishek Banerjee)
বিধাননগর সাইবার থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি চেয়ে নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিল CID। আদালত সেই আবেদনে সম্মতিও দেয়। তবে ওই নির্দেশের বৈধতা নিয়েই এবার হাইকোর্টে চ্যালেঞ্জ জানালেন অভিষেক। এদিন আদালতে অভিষেকের পক্ষে সওয়াল করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। তাঁর বক্তব্য, যে অডিয়ো ক্লিপকে কেন্দ্র করে তদন্ত চলছে, সেটির কণ্ঠস্বর যে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই, তা তিনি অস্বীকার করেননি। ফলে কণ্ঠস্বরের পরিচয় নিয়ে যখন কোনও বিতর্ক নেই, তখন নতুন করে ভয়েস টেস্টের প্রয়োজনীয়তা কোথায়, সেই প্রশ্ন আদালতের সামনে তোলেন তিনি। আবেদনকারীর বক্তব্য শোনার পর বিচারপতি কৌশিক চন্দ মামলাটি গ্রহণের অনুমতি দিয়েছেন। আদালত সূত্রে জানা গিয়েছে, আগামী সোমবার এই মামলার বিস্তারিত শুনানি হতে পারে।



