Firhad Hakim
Bengal Liberty : তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ধসে ১৬ জনের মৃত্যু হয়েছে (Firhad Hakim)। এবার কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল। প্রাক্তন মেয়রের পাশাপশি ৮০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আনোয়ার খান এবং ১৩৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সামস ইকবালের বিরুদ্ধেও থানায় লিখিত অভিযোগ দায়ের করল ভারতীয় জনতা মজদুর সেলের (BJMC) দক্ষিণ কলকাতা শাখা। সংগঠনের অভিযোগ, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং বেআইনি নির্মাণ, প্রশাসনিক গাফিলতি এবং একটি সংগঠিত দুর্নীতির ফল। এফআইআর গ্রহণ করে দ্রুত তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিও জানানো হয়েছে (Firhad Hakim)।

বেআইনি নির্মাণের অভিযোগ (Firhad Hakim)
গত ২৪ জুন তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাস্থল কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এই ঘটনাকে কেন্দ্র করে তারাতলা থানায় অভিযোগ দায়ের করেছে BJMC-র দক্ষিণ কলকাতা শাখা। অভিযোগপত্রে প্রশাসনিক গাফিলতির পাশাপাশি অপরাধমূলক ষড়যন্ত্রের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে। BJMC-র দাবি, অবিলম্বে নিরপেক্ষ তদন্ত শুরু করতে হবে। সংগঠনের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেআইনি নির্মাণের একটি চক্র সক্রিয় ছিল এবং তার ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সেই কারণেই ফিরহাদ হাকিম, আনোয়ার খান ও সামস ইকবালকে দ্রুত গ্রেফতারের দাবি তুলেছে তারা।

পাল্টা সাফাই ফিরহাদের (Firhad Hakim)
এর আগে ফিরহাদ হাকিম দাবি করেছিলেন, কোনও নির্মাণের নকশায় চূড়ান্ত অনুমোদন দেওয়ার ক্ষমতা মেয়রের হাতে থাকে না। তাঁর বক্তব্য, বিল্ডিং বিভাগের সুপারিশ ও পরীক্ষার ভিত্তিতেই পরিকল্পনা অনুমোদিত হয়, সেখানে মেয়রের আলাদা করে কোনও প্রশাসনিক ভূমিকা থাকে না।
তবে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, তারাতলার ওই নির্মীয়মাণ গোডাউনের নকশায় তৎকালীন মেয়র হিসেবে ফিরহাদ হাকিমের স্বাক্ষর ছিল এবং সেই নকশাতেই গুরুতর ত্রুটি ছিল। পাশাপাশি তিনি প্রাক্তন মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নামও উল্লেখ করেন। এরপরই কালীচরণকে গ্রেফতার করে পুলিশ। এদিকে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও প্রশ্ন তোলেন, ওএসডি গ্রেফতার হলে সংশ্লিষ্ট মন্ত্রী বা তৎকালীন মেয়রের ভূমিকাও তদন্তের আওতায় আসা উচিত। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ঘটনায় যাঁদের বিরুদ্ধে প্রমাণ মিলবে, তাঁদের কাউকেই রেহাই দেওয়া হবে না।



