Debraj Chakraborty Arrested
Bengal Liberty : আরও এক তৃণমূল নেতার গর্ব খর্ব হল! বিধাননগর পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ তথা তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (Debraj Chakraborty Arrested)। অভিষেক ঘনিষ্ঠ কিংবা ‘অভিষেকের লোক’ বলে পরিচিত দেবরাজকে আজ, বৃহস্পতিবার কোর্টে তোলা হবে। রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা সংগীতশিল্পী অদিতি মুন্সির স্বামী দেবরাজের বিরুদ্ধে তদন্তে এবার ইডি-ও। অভিযোগ-সংক্রান্ত বিভিন্ন নথি ইতিমধ্যেই সংগ্রহ করেছে ইডি। প্রাথমিক অনুসন্ধান শেষ করে সেই সংক্রান্ত একটি রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়েছে (Debraj Chakraborty Arrested)।

দেবরাজের বিরুদ্ধে অভিযোগের পাহাড় (Debraj Chakraborty Arrested)
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে দেবরাজ ও তাঁর স্ত্রী, প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির বিরুদ্ধে বেনামি সম্পত্তি, সম্পত্তির তথ্য গোপন, তোলাবাজি, সিন্ডিকেট ও জমি দখল-সহ একাধিক গুরুতর অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। সেই মামলার তদন্তেই এই গ্রেফতারি বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, নামেই বিধায়ক ছিলেন অদিতি। বকলমে সবটা সামলাতেন দেবরাজই। অর্থাৎ প্রথমত অভিষেক ঘনিষ্ঠ বলেই পরিচিত দেবরাজ তাঁর স্ত্রীর বিধায়কের পদ নিয়ে পুরো ফায়দা লুটতেন বলেই অভিযোগ। ভোটের আগে প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয়-পরিজনদের নামে হস্তান্তর করা হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি, নির্বাচনী হলফনামায় সম্পত্তির প্রকৃত পরিমাণ গোপন করার অভিযোগও রয়েছে। এছাড়াও তোলাবাজি, সিন্ডিকেট চালানো এবং জমি দখলের অভিযোগও তদন্তের আওতায় রয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারের আশঙ্কায় কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন অদিতি মুন্সি এবং দেবরাজ উভয়েই। বিচারপতি জয় সেনগুপ্ত চার মাসের শিশুসন্তানের কথা বিবেচনা করে অদিতি মুন্সিকে শর্তসাপেক্ষে আগাম জামিন দেন। তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়, পাসপোর্ট নিম্ন আদালতে জমা রাখতে এবং বাগুইআটি থানা এলাকায় প্রবেশ না করার নির্দেশও দেওয়া হয়। অন্যদিকে দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় হাই কোর্ট। তাঁকে তদন্তে পূর্ণ সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশের পরই পুরুলিয়ার সদর থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ।



