Ritabrata Banerjee
Bengal Liberty:
তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন এবং দলের অনুমোদিত স্বাক্ষরকারীকে ঘিরে দুই পক্ষের দাবি-পাল্টা দাবির জেরে এবার সরাসরি পদক্ষেপ করল নির্বাচন কমিশন (Ritabrata Banerjee)। কমিশনের তরফে পৃথকভাবে চিঠি পাঠানো হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিদ্রোহী শিবিরের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, দলের সাংগঠনিক নির্বাচন এবং অনুমোদিত স্বাক্ষরকারীদের বৈধতা নিয়ে দুই পক্ষ যে পরস্পরবিরোধী দাবি করেছে, সেই বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী সোমবার, ৬ জুলাই, ২০২৬, বিকেল ৫টা ৩০ মিনিটের মধ্যে উভয় পক্ষকে নিজেদের বক্তব্য এবং সংশ্লিষ্ট নথিপত্র নির্বাচন কমিশনের কাছে জমা দিতে বলা হয়েছে।

মমতা-ঋতব্রতকে নোটিস
উল্লেখ্য, সম্প্রতি “আমরাই আসল তৃণমূল” দাবি করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। দলের নাম, ‘জোড়া ফুল’ প্রতীক, সাংগঠনিক নির্বাচন এবং দলীয় তহবিলের অধিকার নিয়ে তারা নিজেদের দাবি কমিশনের সামনে তুলে ধরে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই দুই পক্ষের বক্তব্য ও নথি যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন।
কমিশনের নির্দেশ অনুযায়ী, উভয় পক্ষের জবাব ও নথি জমা পড়ার পর বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। ফলে রাজনৈতিক মহলের নজর এখন ৬ জুলাইয়ের নির্ধারিত সময়সীমা এবং নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্তের দিকে।


