Mid-Day Meal
Bengal Liberty : প্রাথমিক স্কুলের পড়ুয়াদের মিড-ডে মিলে ডিম ও মাছের মতো আমিষ খাবারের বদলে রাজমা ও ডাল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Mid-Day Meal)। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মামলাকারী তৃণমূল কংগ্রেসের সাংসদ ও প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র, আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। শুধু খাবারের তালিকা বদল নয়, মিড-ডে মিল পরিচালনার দায়িত্ব ইসকনের মতো একটি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। আগামী মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে (Mid-Day Meal)।

মিড-ডে মিলে নিরামিষ? (Mid-Day Meal)
উল্লেখ্য, স্কুলপড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখেই প্রাথমিক স্তরের মিড-ডে মিলের জন্য মাথাপিছু বরাদ্দ ৬ টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা করেছে রাজ্য সরকার। সরকারের দাবি, এই অতিরিক্ত বরাদ্দের মাধ্যমে প্রয়োজনীয় প্রোটিনের জোগান নিশ্চিত করা হবে। একই সঙ্গে বাজেটে ঘোষণা করা হয়, কলকাতা পুর এলাকার প্রাথমিক স্কুলগুলিতে মিড-ডে মিল রান্না ও সরবরাহের দায়িত্ব পাবে ইসকন। এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ইসকন রান্না করা খাবারই পড়ুয়াদের দেওয়া হবে। তাঁর এই মন্তব্যের পর থেকেই জোরালো হয়েছে বিতর্ক। অনেকের প্রশ্ন, তাহলে কি ভবিষ্যতে স্কুলের মিড-ডে মিলে আমিষের বদলে নিরামিষ খাবারই নিয়মিত করা হবে? তারই মধ্যে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করলেন আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়।



