R G Kar Incident
Bengal Liberty : আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তের মোড় ঘোরানো এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে (R G Kar Incident)। মৃতার পরিবার এবার সরাসরি রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবের এক আধিকারিকের পাঠানো চিঠির ভিত্তিতে চাঞ্চল্যকর অভিযোগ এনেছে। নিহতের বাবা-মায়ের দাবি, তাঁদের মেয়ের দেহ থেকে সংগৃহীত ভিসেরা ও গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ পরিকল্পিতভাবে নষ্ট করা হয়েছে এই পুরো প্রক্রিয়াই চলেছে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতার নির্দেশে। এই অভিযোগ ঘিরে ফের উত্তাল রাজ্য-রাজনীতি। তদন্তের স্বচ্ছতা নিয়ে আরও একবার প্রশ্ন তুলছে মৃতার পরিবার (R G Kar Incident)।

নিহতের পরিবারের অভিযোগ (R G Kar Incident)
অভয়ার মা তথা পানিহাটির বিধায়িকা রত্ন দেবনাথ অভিযোগ করেছেন, ঘটনার পর থেকেই তথ্যপ্রমাণ লোপাটের জন্য প্রশাসনিক স্তরে গাফিলতি ও অনিয়ম চালানো হয়েছে। তিনি জানান, ফরেন্সিক নমুনা সংগ্রহের সময় যথাযথ নিয়ম মানা হয়নি, গ্লাভস ব্যবহার করা হয়নি এবং সংগৃহীত নমুনা ৪ দিন ধরে সংরক্ষণ না করে ফেলে রাখা হয়েছিল। এমনকি, সেকেন্ড পোস্টমর্টেমের জন্য যখন পরিবার চাপ সৃষ্টি করে, তখন স্থানীয় রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে তড়িঘড়ি দেহ পুড়িয়ে ফেলার চেষ্টাও হয়েছিল বলে অভিযোগ। অন্যদিকে, নিহতের বাবা জানিয়েছেন, মে মাসে তাঁরা এফএসএল-এর এক আধিকারিকের কাছ থেকে একটি চিঠি পান। সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের নির্দেশে তথ্যপ্রমাণ লোপাটের উদ্দেশ্যে স্যাম্পল টেম্পারিং করা হয়েছে।

আভয়ার পরিবারের দাবি (R G Kar Incident)
পরিবারের অভিযোগ, ঘটনার নেপথ্যে থাকা প্রভাবশালীদের আড়াল করতে স্বাস্থ্যসচিব থেকে শুরু করে স্থানীয় নেতা, সবাই মরিয়া ছিলেন। হাসপাতালের বাথরুম ও তৎসংলগ্ন এলাকা ভেঙে ফেলার মতো বিষয়গুলো যে কাকতালীয় নয়, বরং পরিকল্পিত প্রমাণ লোপাটের অংশ, তা অভয়ার পরিবার বারবার দাবি করে আসছে। এই গুরুতর তথ্যের ভিত্তিতেই নিহতের বাবা-মা আদালতের দ্বারস্থ হয়েছেন, যাতে সিবিআই পুরো বিষয়টি পুনরায় তদন্ত করে দেখে। সিবিআই-এর প্রাথমিক ডিএনএ রিপোর্টে অন্য এক মহিলার উপস্থিতির বিষয়টি উঠে এলেও তার পরিচয় এখনো অজানা বলে জানিয়েছেন নিহতের পরিবার। সব মিলিয়ে, এই নতুন অভিযোগ তদন্তের গতিপ্রকৃতি ও ন্যায়বিচার পাওয়ার পথকে এক জটিল মোড়ে এনে দাঁড় করিয়েছে।



