Baruipur
Bengal Liberty : বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে (Baruipur)। সেই আবহে মঙ্গলবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন পুরো নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। দেখা করে পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী অগ্নিমিত্রা। একই দিনে দুপুরে বারুইপুরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও। ইতিমধ্যেই ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। মূল অভিযুক্ত-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, ঘটনার তদন্ত কতদূর এগিয়েছে এবং প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে, তার বিস্তারিত রিপোর্ট আগামী সাত দিনের মধ্যে রাজ্যের ডিজির কাছে তলব করেছে জাতীয় মহিলা কমিশন। পাশাপাশি গণপিটুনিতে মৃত্যুর ঘটনাতেও পৃথক রিপোর্ট চেয়েছে কমিশন (Baruipur)।

পরিবারের পাশে রাজ্য সরকার (Baruipur)
সোমবার সকালে অগ্নিমিত্রা পাল ও লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল বারুইপুরে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানান মন্ত্রী। এদিন অগ্নিমিত্রা পাল বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন। অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে ধরা হয়েছে।” তিনি আরও জানান, “নির্যাতিতার পরিবার তাঁদের জানিয়েছে, সরকারের ভূমিকায় সন্তুষ্ট। এমনকি মুখ্যমন্ত্রীর উপরেও আস্থা রয়েছে।” এরপরই কড়া হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, “এই ঘটনা-সহ মহিলাদের উপর অত্যাচার ঘটলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। যদি দেখা যায়, পুলিশ প্রশাসনের গাফিলতি রয়েছে সেক্ষেত্রেও কাউকে রেহাই নয়। মুখ্যমন্ত্রী তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন।”

জাতীয় মহিলা কমিশনের নজরেও বারুইপুর (Baruipur)
রবিবার সকালে পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধারের পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুরের ধপধপি এলাকা। ধর্ষণের পর খুনের অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা দেহ রেখে রাস্তা অবরোধ করেন, রেল অবরোধও চলে। পরিস্থিতির খবর পেয়ে নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং দ্রুত বিচারের আশ্বাস দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে কয়েক ঘণ্টার মধ্যেই ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়। তদন্ত শুরু হওয়ার পরই মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার মুখ্যমন্ত্রী ফের স্পষ্ট করে জানান, এই ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রয়োজনে মৃত্যুদণ্ডের দাবিতেও সরকার আদালতে সওয়াল করবে বলেও তিনি ইঙ্গিত দেন।
এদিকে ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে জাতীয় মহিলা কমিশন। রাজ্যের ডিজির কাছে সাত দিনের মধ্যে তদন্তের অগ্রগতি, প্রশাসনিক পদক্ষেপ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। পাশাপাশি বারুইপুরে গণপিটুনিতে মৃত্যুর ঘটনাতেও পৃথক তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।

আরও পড়ুন :
Aroop Biswas : মেসি কাণ্ডে তৃতীয়বার অরূপ বিশ্বাসকে তলব, থানায় হাজির প্রাক্তন ক্রীড়ামন্ত্রী

