Chingrighata Flyover
Bengal Liberty:
কলকাতার অন্যতম ব্যস্ত চিংড়িঘাটা ফ্লাইওভার টানা প্রায় ৬০ ঘণ্টার জন্য বন্ধ থাকছে (Chingrighata Flyover)। মেট্রোর অরেঞ্জ লাইন নির্মাণের গুরুত্বপূর্ণ কাজের কারণে ১০ জুলাই রাত ৮টা থেকে ১৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত উড়ালপুলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুলিশ।

মেট্রোর গুরুত্বপূর্ণ কাজে বন্ধ থাকবে উড়ালপুর
পুলিশ জানিয়েছে, বিশ্ব বাংলা সরণির সুকান্ত নগর সংলগ্ন অংশে সেগমেন্ট লঞ্চিংয়ের কাজ করবে নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো করিডোর নির্মাণকারী সংস্থা RVNL। নিরাপদে বিশাল কংক্রিট সেগমেন্ট বসানোর জন্য বিশেষায়িত ক্রেন ব্যবহার করা হবে। সেই কারণেই এই সময় ফ্লাইওভারে যান চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

সূত্রের খবর, এই কাজটি দীর্ঘ কয়েক মাস ধরে স্থগিত ছিল। গত বছরের দুর্গাপুজোর আগেই কাজ শেষ করার পরিকল্পনা থাকলেও, চিংড়িঘাটার মতো ব্যস্ত মোড়ে তীব্র যানজটের আশঙ্কায় তা পিছিয়ে যায়। গ্রীষ্মকালেও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি। এবার টানা ৬০ ঘণ্টা ফ্লাইওভার বন্ধ রেখে সেই গুরুত্বপূর্ণ নির্মাণপর্ব সম্পন্ন করা হবে।

বিকল্প ট্রাফিক ব্যবস্থার কথাও জানিয়েছে কলকাতা পুলিশ। পুলিশ কমিশনারের নির্দেশিকা অনুযায়ী, বেলিয়াঘাটা মেইন রোড ও ইএম বাইপাস ক্রসিং থেকে ব্রডওয়ের দিকে আসা উত্তরমুখী যানবাহনকে চিংড়িঘাটা ফ্লাইওভারে উঠতে দেওয়া হবে না। সেগুলিকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। তাই এই সময় যাতায়াতের ক্ষেত্রে আগেভাগে রুট পরিকল্পনা করে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ।

