Abhishek Banerjee
Bengal Liberty: নির্বাচনী প্রচারের সময় ‘ডিজে’ সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় অবশেষে ভয়েস স্যাম্পল (কণ্ঠস্বরের নমুনা) দিতে বিধাননগর মহকুমা আদালতে হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দীর্ঘদিন ধরে রাজ্য পুলিশের সিআইডি (CID) তাঁর ভয়েস স্যাম্পল সংগ্রহের চেষ্টা করলেও, তা সম্ভব হয়নি। বিষয়টি গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। এর আগে দু’বার হাজিরা এড়িয়ে গেলেও, এবার কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশে তদন্তে সহযোগিতা করতে বাধ্য হলেন তিনি।

আইনি রক্ষাকবচ হারানোর ভয়েই আদালতে উপস্থিতি (Abhishek Banerjee)
শুনানির সময় হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, তদন্তে সহযোগিতা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। আদালত আরও হুঁশিয়ারি দেয় যে, নির্ধারিত সময়ে ভয়েস স্যাম্পল না দিলে তাঁকে দেওয়া অন্তর্বর্তী আইনি সুরক্ষা বা রক্ষাকবচ প্রত্যাহার করা হতে পারে। মূলত আইনি রক্ষাকবচ হারানোর ভয়েই আদালতের নির্দেশ মেনে বুধবার দুপুর ১২টা নাগাদ বিধাননগর মহকুমা আদালতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেকের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত চত্বর ও সংলগ্ন এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ কর্মী ও উচ্চপদস্থ আধিকারিকদের। এর আগে সোনারপুরের একটি কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছিল; সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে এবার বিশেষ সতর্কতা নেওয়া হয়। আদালত চত্বরে বহু পুলিশ সদস্যকে ঢাল হাতে প্রস্তুত থাকতে দেখা যায়। আদালতে প্রবেশের প্রতিটি পথে কড়া নজরদারি চালানোর পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতও নিয়ন্ত্রিত করা হয়।
আরো পড়ুন:-
Punjab National Bank scam: ৪ কোটি টাকার ঋণ জালিয়াতি, অভিযুক্ত তাপস রায়-সহ ৩!

