Bengal Liberty: ভর সন্ধ্যায় এক ছাত্রীকে কুপিয়ে খুন! এই ভয়ঙ্কর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আন্দুলের মহিয়ারী খাঁটির বাজার চাঁদনিবাগান এলাকায়। রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে ডোমজুড় থানার পুলিশ (Andul murder news)।

বাড়ি ফেরার পথে প্রকাশ্য রাস্তায় হামলা (Andul murder news)
সূত্রের খবর, মৃত ওই ছাত্রীর নাম রীতিকা সামন্ত। বুধবার সন্ধ্যায় সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল সে। সেই সময় আন্দুলের মহিয়ারী খাঁটির বাজার চাঁদনিবাগান এলাকায় এক যুবক আচমকা তাঁর ওপর চড়াও হয়ে এলোপাথাড়ি ছুরির কোপ মারতে শুরু করে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে ওই ছাত্রী। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর পরই তৎপর হয়ে ওঠে ডোমজুড় থানার পুলিশ। রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড, অভিযুক্তের সঙ্গে মৃত ছাত্রীর আগে থেকে কোনো পরিচয় ছিল কি না, কিংবা এটি কোনো পরিকল্পিত হামলা কি না—তা খতিয়ে দেখছে পুলিশ।
এই নৃশংস ঘটনায় আন্দুলসহ গোটা এলাকায় গভীর শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। প্রকাশ্য রাস্তায় এক ছাত্রীকে এভাবে খুনের ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এই হত্যাকাণ্ডের নেপথ্যের আসল কারণ জানার চেষ্টা করা হচ্ছে।

