Mohun Bagan CFL 2026
Bengal Liberty
পাঠচক্রের বিরুদ্ধে ৪-০ গোলের বড় ব্যবধানে(Mohun Bagan CFL 2026) জয় পেয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচের সব বিভাগেই দুরন্ত ছন্দে ছিল সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু কলকাতা ফুটবল লিগের (সিএফএল) দ্বিতীয় ম্যাচেই খিদিরপুরের কাছে ১-১ গোলে ড্র করে আটকে গেল মোহনবাগান।

প্রথমার্ধের খেলায় এগিয়ে মোহনবাগান(Mohun Bagan CFL 2026)
প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল দুই দল। ১৮ মিনিটে কিয়ান নাসিরির ফ্রি-কিক দারুণ দক্ষতায় ফিস্ট করে রুখে দেন খিদিরপুরের গোলরক্ষক অর্ধেন্দু দত্ত। এরপর ধীরে ধীরে ম্যাচে ছন্দ ফিরে পান বাস্তব রায়ের ছেলেরা। ২৭ মিনিটে বাঁ দিক দিয়ে দুরন্ত দৌড়ে বক্সে ঢুকে পড়েন কিয়ান। তাঁকে আটকাতে দুই ডিফেন্ডার এগিয়ে আসতেই ফাঁকা জায়গায় বল বাড়ান তিনি। সুযোগ কাজে লাগিয়ে চমৎকার ফিনিশে দলকে এগিয়ে দেন সন্দীপ মালিক। এর পাঁচ মিনিট পর সায়ন বন্দ্যোপাধ্যায়ের জোরালো শটও দুর্দান্ত বাঁচান অর্ধেন্দু। ফলে প্রথমার্ধে ১-০ ব্যবধানেই এগিয়ে ছিল মোহনবাগান।

খিদিরপুরের লড়াকু প্রত্যাবর্তন(Mohun Bagan CFL 2026)
বিরতির পর, ৪৬ মিনিটে সায়নের ক্রস থেকে সহজ সুযোগ নষ্ট করেন সুহেল ভাট। তার ঠিক এক মিনিট পরেই পাল্টা আঘাত হানে খিদিরপুর। তুহিন শিকদারের গোলে ম্যাচে ১-১ সমতা ফেরে। এরপর একাধিক সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত জয়সূচক গোলটি আর তুলে নিতে পারেনি মোহনবাগান। ৪৯ মিনিটে সন্দীপ মালিকের ভাসানো ক্রস বারের ওপর দিয়ে চলে যায়। ৫৩ মিনিটে সায়নের থ্রু বল থেকে কিয়ানকে পাস না দিয়ে নিজেই অহেতুক সময় নষ্ট করেন সুহেল, ফলে আরও একটি সহজ সুযোগ হাতছাড়া হয়।

ড্র হলেও নৈতিক জয় খিদিরপুরের ৫৮ মিনিটে কিয়ানের ভাসানো বল থেকে গোলের সম্ভাবনা তৈরি হলেও খিদিরপুরের বিক্রমজিৎ সিং শরীর ছুড়ে হেড করে কর্নারের বিনিময়ে বিপদমুক্ত করেন।৭০ মিনিটে আরও একটি ভালো সুযোগ নষ্ট করেন সুহেল। ৭৬ মিনিটে বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক পায় খিদিরপুর। ৮৩ মিনিটে সায়নের বাইসাইকেল কিক লক্ষ্যভ্রষ্ট হয়। ৮৫ মিনিটে বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পেলেও কাজের কাজ করতে পারেনি মোহনবাগান। ৯২ মিনিটে রবিলাল মাণ্ডির দূরপাল্লার শটও লক্ষ্যের বাইরে চলে যায়। খিদিরপুর রক্ষণের বজ্রআটুনিতে বারবার আটকে যেতে থাকে সায়ন, রবিলাল, কিয়ান ও সুহেলরা। শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে।
ধারাবাহিকতার চূড়ান্ত ব্যর্থতা(Mohun Bagan CFL 2026)
খিদিরপুরের স্মরণীয় লড়াইয়ের মুখে পড়ে ছন্দহীন সবুজ-মেরুন শিবিরকে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো। অন্যদিকে, লড়াকু খিদিরপুর বড় দলের সামনেও নিজেদের স্বাভাবিক ও সাহসী খেলার প্রমাণ দিল।

