Bengal Liberty
গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নারকোটিক সেল বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হাইড্রোপনিক গাঁজা উদ্ধার করেছে। এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, ব্যাঙ্কক থেকে মোট ১২ কেজি হাইড্রোপনিক গাঁজা আনা হয়েছিল। ইতিমধ্যেই ১২ কেজি গাঁজার বাকি অংশের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। আর এক অভিযুক্ত এখনও পলাতক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে কসবা থানার ট্যাগোর পার্ক এলাকার শঙ্কর গেস্ট হাউসে হানা দিয়ে হাসান আলি (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫৫৮ গ্রাম হাইড্রোপনিক গাঁজা, ৭৬ হাজার ৫০০ টাকা নগদ, একটি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল ওজন মাপার যন্ত্র উদ্ধার হয়।
বিদেশ থেকে গাঁজা আনার অভিযোগ, চক্রের পান্ডা কে?

Cannabis Seized
জেরায় ধৃত জানায়, তার তিলজলার চৌবাগা রোডের বাড়িতে আরও মাদক মজুত রয়েছে। এরপর তাকে নিয়ে সেখানে তল্লাশি চালিয়ে আরও ৬.৪৪৫ কেজি হাইড্রোপনিক গাঁজা উদ্ধার করে পুলিশ। সব মিলিয়ে ৭.০০৩ কেজি হাইড্রোপনিক গাঁজা উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটিরও বেশি টাকা।
Cannabis Seized
এই ঘটনায় কসবা থানায় এনডিপিএস আইনে মামলা রুজু হয়েছে। তদন্তভার নিয়েছে গোয়েন্দা বিভাগ। পুলিশের দাবি, ধৃত হাসান আলি জেরায় জানিয়েছে, পলাতক এক সহযোগীর কাছ থেকে সে ৮ কেজি হাইড্রোপনিক গাঁজা পেয়েছিল। ওই সহযোগী সম্প্রতি ব্যাঙ্কক থেকে মোট ১২ কেজি হাইড্রোপনিক গাঁজা নিয়ে এসেছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। গোটা ঘটনার তদন্ত চলছে।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদ পুলকার দুর্ঘটনায় কেন্দ্রকে তোপ অভিষেকের, প্রতিবাদে সরব তৃণমূল

