Abhijit De Bhowmick Arrest
Bengal Liberty: বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় এবার পুলিশের জালে কোচবিহার জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা কাউন্সিলর অভিজিৎ দে ভৌমিক। গোপন সূত্রে খবর পেয়ে বাগডোগরা বিমানবন্দর থেকে সাদা পোশাকের কোচবিহার জেলা পুলিশ তাঁকে গ্রেফতার করে।
গ্রেফতারের প্রেক্ষাপট ও থানায় বিক্ষোভ (Abhijit De Bhowmick Arrest)
জানা গিয়েছে, একুশে জুলাইয়ের তৃণমূলের শহীদ সমাবেশ সেরে বাগডোগরা বিমানবন্দর হয়ে কোচবিহারে ফিরছিলেন অভিজিৎ। সেই সময়েই পুলিশ তাঁকে গ্রেফতার করে এবং সড়কপথে কোচবিহার কোতোয়ালি থানায় নিয়ে আসে। বিকেল ৫:১৫ মিনিট নাগাদ পুলিশ তাঁকে থানায় নিয়ে আসার সময় বাইরে থাকা বেশ কিছু মানুষ তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন।

কী কী অভিযোগ রয়েছে? (Abhijit De Bhowmick Arrest)
২০২৫ সালের ৫ আগস্ট কোচবিহারের খাগড়াবাড়ি চৌপথি এলাকায় তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত হিসেবে নাম ছিল তৎকালীন তৃণমূল জেলা সভাপতি অভিজিতের। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদল ও নতুন সরকার আসার পর থেকেই তিনি কার্যত গা ঢাকা দিয়েছিলেন। এর আগে পুলিশ তাঁর কালীঘাট রোডের বাড়িতেও তল্লাশি চালায়। কনভয়ে হামলার পাশাপাশি তাঁর বিরুদ্ধে তোলাবাজি ও প্রতারণারও একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

পরিবারের প্রতিক্রিয়া (Abhijit De Bhowmick Arrest)
গ্রেফতার হওয়ার পর অভিজিৎ দে ভৌমিক জানান, তিনি একুশে জুলাইয়ের কর্মসূচি থেকে ফিরছিলেন। অন্যদিকে, খবর পেয়ে থানায় ছুটে আসেন তাঁর স্ত্রী লোপামুদ্রা গুহ। তিনি জানান, একটি মামলায় আদালত তাঁকে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছিল, তা সত্ত্বেও কেন এই পদক্ষেপ তা তাঁর জানা নেই। তবে তিনি আরও বলেন, “নতুন সরকার ও প্রশাসনের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। নিশ্চয়ই কোনো ভুল পদক্ষেপ নেওয়া হবে না।”

