Bhawanipur Hotel
Bengal Liberty
কলকাতায় আন্তর্জাতিক মাদক পাচারচক্রের বড়সড় যোগের ইঙ্গিত পেল স্পেশাল টাস্ক ফোর্স (Bhawanipur Hotel) । ভবানীপুরের একটি হোটেল থেকে থাইল্যান্ডের দুই তরুণীকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয়েছে প্রায় ২০ গ্রাম বিদেশি মাদক এমডিএমএ , যা ‘মলি’ বা ‘এক্সট্যাসি’ নামে পরিচিত। পুলিশের অনুমান, শহরের বিভিন্ন রেভ পার্টিতে এই মাদক সরবরাহের পরিকল্পনা ছিল।

কলকাতায় রয়েছে পাচারকারীর সক্রিয় এজেন্ট Bhawanipur Hotel
সূত্রের খবর, ধৃতদের নাম সুপওয়াদি সুকুলনিয়াত এবং সুপওয়ানা কুঁচ। দু’জনেই থাইল্যান্ডের ব্যাংককের বাসিন্দা। অভিযোগ, পর্যটক সেজে ট্যুরিস্ট ভিসায় বিমানে কলকাতায় এসে মাদক পাচারের পরিকল্পনা করেছিলেন। মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে ভবানীপুরের একটি হোটেলে ওঠেন তাঁরা। আগে থেকেই নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নজরদারিতে ছিল এসটিএফ। হোটেলে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে এমডিএমএ উদ্ধার করা হয়, যার আন্তর্জাতিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে দাবি পুলিশের।

তদন্তে উঠে এসেছে, ব্যাংকক থেকে কলকাতায় নিয়মিতভাবে এমডিএমএ, এলএসডি, কোকেন-সহ বিভিন্ন বিদেশি মাদক পাচারের চেষ্টা চলছিল। ডার্ক ওয়েবের মাধ্যমে এই চক্র পরিচালিত হয়। কলকাতায় তাদের স্থানীয় এজেন্টও রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের।

প্রাথমিক জেরায় ধৃতরা জানিয়েছেন, মাদক পাচারের বিষয়ে তাঁদের বিশেষ প্রশিক্ষণ রয়েছে। এতটাই কৌশলে মাদক বহন করা হয়েছিল যে ব্যাংকক ও কলকাতা দুই বিমানবন্দরের স্ক্যানিং ব্যবস্থাতেও তা শনাক্ত করা যায়নি। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, এর আগে তারা ভারতের অন্য কোনও শহরেও একই ধরনের পাচারের সঙ্গে জড়িত ছিলেন কি না। পাশাপাশি কলকাতার স্থানীয় এজেন্টদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এসটিএফের আশা, ধৃতদের জিজ্ঞাসাবাদে আন্তর্জাতিক মাদক পাচারচক্র সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে।

