7th Pay Commission
Bengal Liberty
রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় পদক্ষেপ করল রাজ্য সরকার (Suvendu Adhikari)। নতুন সরকার গঠনের আড়াই মাসের মধ্যেই গঠন করা হল সপ্তম পে কমিশন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পর বুধবার কমিশনের সদস্যদের নাম এবং কাজের পরিধি প্রকাশ করেছে অর্থ দফতর।

চার সদস্যের এই কমিশনের চেয়ারম্যান করা হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রাক্তন সচিব অতনু চক্রবর্তীকে। অন্য সদস্যরা হলেন সেন্টার ফর পলিসি রিসার্চের গবেষক পার্থ মুখোপাধ্যায়, আইআইএম কলকাতার অধ্যাপক পার্থপ্রতিম পাল এবং রাজ্যের অর্থসচিব দেবীপ্রসাদ কারনাম।

মার্চেই কার্যকর হতে পারে সপ্তম পে কমিশন Suvendu Adhikari
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি, সরকার-পোষিত ও আধা-সরকারি কর্মীদের বেতন কাঠামো, পদোন্নতি, পেনশন, ডিএ ও ডিআর সংক্রান্ত সুপারিশ করবে এই কমিশন। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামোও পর্যালোচনা করে সুপারিশ করতে বলা হয়েছে কমিশনকে। আগামী ছয় মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন সরকারের প্রথম বাজেটেই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন। সেই সময়ই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, দ্রুত সপ্তম পে কমিশন গঠন করা হবে। সরকারের লক্ষ্য, সব কিছু পরিকল্পনা মাফিক হলে আগামী বছরের মার্চ মাসের মধ্যে কমিশনের সুপারিশ কার্যকর করা।

দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের কাছে এই কমিশন গঠনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

