Bengal Liberty : দীর্ঘ জেলবন্দি জীবনে অবশেষে বড় স্বস্তি পেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন (Sudipta Sen)। পশ্চিমবঙ্গের মামলাগুলিতে আগেই জামিন পেয়েছিলেন তিনি। কিন্তু ভুবনেশ্বর ও গুয়াহাটির মামলার জেরে জেলেই ছিলেন সারদা কর্তা। সেই আইনি জট এবার অনেকটাই কাটল। গুয়াহাটি হাই কোর্টের জামিন খারিজের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সুদীপ্ত। সেই মামলাতেই শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিল শীর্ষ আদালত (Sudipta Sen)।

দীর্ঘ কারাবাসের পর মুক্তির নির্দেশ (Sudipta Sen)
বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহর বেঞ্চ সুদীপ্ত সেনের জামিনের আবেদন মঞ্জুর করেছে। আদালতের পর্যবেক্ষণ, মামলায় নথি পেশ করা হয়েছে। আবেদনটিতে হস্তক্ষেপ করার মতো যুক্তিসঙ্গত কারণ রয়েছে। দীর্ঘদিন ধরে জেল হেফাজতে থাকার বিষয়টিও বিবেচনা করেছে আদালত। সেই কারণেই নির্দিষ্ট শর্তে জামিন দেওয়ার সিদ্ধান্ত।
আইনজীবীদের দাবি, গত ৮ এপ্রিল পশ্চিমবঙ্গের অবশিষ্ট দু’টি মামলাতেও কলকাতা হাই কোর্ট থেকে জামিন পেয়েছিলেন সুদীপ্ত। কিন্তু অন্য রাজ্যের মামলার কারণে তাঁর মুক্তি আটকে ছিল। গুয়াহাটির একটি মামলায় ২০২৩ সালে সিবিআই তাঁকে গ্রেফতার করেছিল। সেই মামলায় জামিনের আবেদন করেছিলেন তিনি। তবে গুয়াহাটি হাই কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। এরপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হন সারদা কর্তা।
আরও খবর

কী কী শর্ত দেওয়া হল? (Sudipta Sen)
সুপ্রিম কোর্টের নির্দেশে বেশ কিছু শর্তও রয়েছে। অবিলম্বে তাঁকে ট্রায়াল কোর্ট বা সংশ্লিষ্ট নিম্ন আদালতে হাজির করতে হবে। বিচারপ্রক্রিয়ায় তাঁকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। কোনওভাবেই জামিনের স্বাধীনতার অপব্যবহার করা যাবে না। অযথা বিচারপ্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য মুলতবি চাওয়া যাবে না। আদালত আরও স্পষ্ট করে দিয়েছে, সুদীপ্ত সেনের অসহযোগিতার কারণে বিচারপ্রক্রিয়া থমকে গেলে তাঁর জামিন বাতিল করা যেতে পারে। সেক্ষেত্রে নিম্ন আদালতেরও জামিন বাতিলের ক্ষমতা থাকবে।
প্রসঙ্গত, ২০১৩ সালে সারদা-কাণ্ড প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল। অভিযোগের তদন্ত শুরু হতেই সঙ্গী দেবযানীকে নিয়ে কাশ্মীরের সোনমার্গে গা-ঢাকা দিয়েছিলেন সুদীপ্ত। পরে ওই বছরই কাশ্মীর থেকে তাঁদের গ্রেফতার করা হয়। তারপর থেকেই দীর্ঘ সময় ধরে জেলবন্দি ছিলেন দু’জন। এবার সুপ্রিম কোর্টের নির্দেশে সেই দীর্ঘ কারাবাসের অবসানের পথ খুলল সারদা কর্তার সামনে।
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/19/amar-domkal/


