RG Kar Hospital
Bengal Liberty Desk, ২০ মার্চ, কলকাতা: কলকাতার আরজি কর হাসপাতালে মর্মান্তিক দুর্ঘটনা। লিফটে আটকে মৃত্যু হল এক ব্যক্তির, মৃতের নাম অরূপ বন্দ্যোপাধ্যায়, বয়স ৪০ বছর। আজ, শুক্রবার ভোরের এই ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়ায়, বিক্ষোভ দেখান রোগীর পরিজনের একাংশ (RG Kar Hospital)।
কী ঘটনা (RG Kar Hospital)?

প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি উত্তর ২৪ পরগনার দমদম এলাকার বাসিন্দা। ভোর ৫টা নাগাদ তিনি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের লিফটে চেপে পাঁচ তলায় উঠছিলেন। সেই সময় আচমকাই লিফটটি বিকল হয়ে যায় এবং তিনি ভিতরেই আটকে পড়েন।
হাসপাতাল সূত্রে খবর, ঘটনার সময় লিফট পরিচালনার জন্য কোনও অপারেটর ছিলেন না। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনও গাফিলতি- তা এখনও স্পষ্ট নয়।
চিকিৎসাধীন ছেলেকে দেখতে গিয়েই বিপত্তি (RG Kar Hospital)
এদিকে, জানা গিয়েছে অরূপবাবুর পুত্র ওই হাসপাতালেই চিকিৎসাধীন। ছেলেকে দেখতে ট্রমা কেয়ার সেন্টারের পাঁচ তলায় যাওয়ার সময়ই এই দুর্ঘটনার শিকার হন তিনি। দীর্ঘ সময় তাঁর খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে বেসমেন্টে দাঁড়িয়ে থাকা লিফটের ভিতর থেকেই তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন (RG Kar Hospital)-
Panihati BJP Candidate : আরজি করের ঘটনার ন্যায়বিচারের দাবিতে এবার রাজনীতির ময়দানে নিহত চিকিৎসকের মা
RG Kar Doctor Case 2024: আরজি কর ধর্ষণ-খুন মামলা ঘিরে নতুন মোড়, নতুন করে আদালতের হস্তক্ষেপ চাইল অভয়ার পরিবার!
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় টালা থানার পুলিশ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় হাসপাতালে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীও। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও, এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। লিফটের যান্ত্রিক ত্রুটি নাকি রক্ষণাবেক্ষণের গাফিলতি, কী কারণে এই মর্মান্তিক মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে।
