Bengal Liberty: মহালয় শেষে সবে দেবীপক্ষ শুরু হয়েছে। দুর্গাপুজোয় মেতে ওঠার আর দু-এক দিনের অপেক্ষা মাত্র। কিন্তু তার আগেই ফের শহরে নামল ইডি। আর্থিক তছরুপের মামলায় কলকাতার ৮ জায়গায় ছেয়ে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মোটা অঙ্কের লাভের টোপ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এই অভিযোগে সোমবার সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা। টালিগঞ্জ এবং শরৎ বোস রোড সহ মোট আটটি ভিন্ন ঠিকানায় এই চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।
আর্থিক তছরুপ মামলায় ৮ জায়গায় তল্লাশি
গত সেপ্টেম্বর মাসেই একই আর্থিক প্রতারণা মামলায় কলকাতার ১৭টি ভিন্ন জায়গায় ম্যারাথন তল্লাশি চালিয়েছিল ইডি। এই আর্থিক দুর্নীতির শিকড় কতটা গভীরে প্রসারিত এবং এর নেপথ্যে কোন প্রভাবশালী চক্র কাজ করছে, তা খতিয়ে দেখতেই এই অভিযান বলে জানা গিয়েছে। সূত্রের খবর, সেই অভিযানের প্রাপ্ত সূত্র ধরেই ফের পুজোর মুখে অভিযানে নামল ইডি।
মূলত বেআইনি সংস্থার সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের কোটি কোটি টাকা নয়ছয় করে রিয়েল এস্টেট নির্মাণ সংস্থা এবং অন্যান্য ব্যবসায় বিনিয়োগ করা হয়েছিল। সেই আর্থিক দুর্নীতির শিকড় ছড়িয়েছে কলকাতাতেও! তার খোঁজেই শুরু হয়েছে চিরুনি তল্লাশি। যদিও এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে কোনও অভিযোগ ইডির তরফে প্রকাশ করা হয়নি।
আরও খবর
গত কয়েক সপ্তাহ ধরেই শহরের বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির ঘটনায় কেন্দ্রীয় সংস্থা যথেষ্ট তৎপর হয়ে উঠেছে। উৎসবের মরশুমের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দাদের এই লাগাতার পদক্ষেপে কলকাতার ব্যবসায়িক ও রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


