Weather Alert
Bengal Liberty, ১৬ এপ্রিল :
পয়লা বৈশাখেই দুই বঙ্গের আবহাওয়া ছিল দুই রকম। একদিকে দক্ষিণবঙ্গে চড়া গরমে নাজেহাল পরিস্থিতি, আর উত্তরবঙ্গে টানা বৃষ্টি ও ঝড় (Weather Alert)। নববর্ষের দিনেই এই বদলে যাওয়া আবহাওয়া ভোট প্রচারেও সাময়িক ছন্দপতন ঘটিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন এই বিপরীত আবহাওয়ার ধারা বজায় থাকবে। দক্ষিণে গরমের তেজ কমার সম্ভাবনা কম, আর উত্তরে চলবে ঝড়বৃষ্টি। তবে, আজ, বৃহস্পতিবার আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের শেষভাগে কালবৈশাখীর সম্ভাবনা প্রবল। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস। গরম ও আর্দ্রতার অস্বস্তি দিনের বেশিরভাগ সময়ই অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
দক্ষিণবঙ্গে আগামী ২ দিন ঝড়বৃষ্টির দাপট চোখে পড়বে। বজ্রপাত সহ দমকা হাওয়া পরিস্থিতিকে আরও অস্থির করে তুলবে। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় ঘণ্টায় ৫০–৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা। অন্যান্য জেলাতেও ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া-সহ বজ্রঝড়ের সম্ভাবনা। সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, তবে বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সপ্তাহের শুরুতে অর্থাৎ সোম ও মঙ্গলবার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
পুরুলিয়া, ঝাড়গ্রাম-সহ পশ্চিমের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম আরও বাড়বে

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গে একেবারেই ভিন্ন ছবি। আগামী সাতদিনই ঝড়বৃষ্টি সঙ্গী হবে পাহাড় ও তরাই অঞ্চলে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা, প্রায় প্রতিদিনই বজ্রপাত-সহ বৃষ্টির পূর্বাভাস, ফলে স্বাভাবিক জনজীবন ও যাতায়াতে বিঘ্ন ঘটার আশঙ্কা থাকছে।

আবহাওয়ার এই অস্থিরতার মূল কারণ একাধিক বায়ুমণ্ডলীয় প্রভাবের সম্মিলন। উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় নিম্নস্তরের ঘূর্ণাবর্ত উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত পূর্ব-পশ্চিম অক্ষরেখা বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্পের প্রবেশ, এই সব কিছুর জেরে কালবৈশাখীর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তবে বৃষ্টি হলেও গরমের অস্বস্তি পুরোপুরি কাটবে না বলেই ইঙ্গিত আবহাওয়া দফতরের।
