Weather Alert
Bengal Liberty, ৪ জুন :
গত কয়েকদিন ধরে আবহাওয়ার খামখেয়ালিপনায় নাজেহাল রাজ্যবাসী (Weather Alert)। সকাল থেকে তীব্র গরম ও অস্বস্তিকর আর্দ্রতা, আর বিকেল গড়াতেই কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, এমন আবহাওয়ায় স্বস্তির বদলে বেড়েছে ভ্যাপসা গরম। তবে এবার পরিস্থিতির কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কোথাও আবার ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। কয়েকটি জেলার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতাও (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণা জেলায় আবহাওয়ার প্রভাব বেশি দেখা যেতে পারে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের মতে, স্থানীয় জলীয় বাষ্প ও অনুকূল বায়ুপ্রবাহের কারণে বিকেল ও সন্ধ্যার দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে হঠাৎ ঝড়-বৃষ্টি নামতে পারে। তাই প্রয়োজন ছাড়া খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। শুধু বৃষ্টিই নয়, বজ্রবিদ্যুৎসহ ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। পাহাড় ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির এই প্রবণতা বজায় থাকতে পারে, যার ফলে দিনের তাপমাত্রা সামান্য কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটবে না।


