Weather update
Bengal Liberty, ১৫ এপ্রিল :
বৈশাখের শুরুতেই রোদের তেজ আর বৃষ্টির দোলাচলে এক অস্বস্তিকর আবহাওয়ার কবলে পড়েছে বাংলা (Weather update)। সকাল থেকে প্রখর রোদ, দুপুরে তাপপ্রবাহের মতো পরিস্থিতি, আবার বিকেল গড়াতেই কালবৈশাখীর আশঙ্কা। সব মিলিয়ে আবহাওয়ার এই দ্বৈত চরিত্র চিন্তায় ফেলছে আবহাওয়াবিদদেরও। আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই গরমের সতর্কতা জারি করেছে। পাশাপাশি, এল নিনোর প্রভাবের জেরে চলতি মরশুমে বৃষ্টির ঘাটতির সম্ভাবনার কথাও জানিয়েছে মৌসম ভবন। ফলে একদিকে স্বল্পমেয়াদি ঝড়বৃষ্টি, অন্যদিকে দীর্ঘমেয়াদি তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত, দুয়ের মাঝেই দুলছে বাংলার আবহাওয়া (Weather update)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather update)
দক্ষিণবঙ্গে সপ্তাহের মাঝামাঝি থেকে আবহাওয়ার পরিবর্তন স্পষ্ট হবে। বুধবার থেকেই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। এই প্রবণতা বৃহস্পতিবার ও শুক্রবার আরও বিস্তৃত হয়ে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতেও ছড়িয়ে পড়বে। এই সময় ঝড়বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, যা আংশিকভাবে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি করতে পারে। বজ্রপাতের ঝুঁকি থাকায় সতর্কতা জারি করা হয়েছে।
শনিবারও বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিতে গরমের তীব্রতা খুব একটা কমবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে, আর পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছানোর আশঙ্কা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি অনুভূত হবে। দিনের বেলায় রোদ ও তাপমাত্রা, আর সন্ধ্যার দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা, এই ‘হিট-অ্যান্ড-স্টর্ম’ প্যাটার্নই দক্ষিণবঙ্গের আবহাওয়ার প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠছে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather update)
উত্তরবঙ্গের আবহাওয়ার চিত্র তুলনামূলকভাবে কিছুটা আলাদা হলেও অস্থিরতা এখানেও কম নয়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি-এই পাঁচ জেলায় ঝড়বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। পার্বত্য ও সংলগ্ন এলাকায় আর্দ্রতার প্রভাব বেশি থাকায় মেঘগঠন দ্রুত হচ্ছে, যার ফলে ঘনঘন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দেখা যেতে পারে।
বুধবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মালদা ও উত্তর-দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে এই জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতাও বজায় থাকবে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গেও গড়ে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।
বিশেষ করে মালদা ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় গরম ও আর্দ্রতার কারণে অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে। ফলে উত্তরবঙ্গেও একদিকে বৃষ্টি, অন্যদিকে বাড়তে থাকা তাপমাত্রা।
